সংগ্রহটা স্বস্তির হলো না আইরিশদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোর্টারফিল্ডের দুর্দান্ত সেঞ্চুরিতেও সংগ্রহটা স্বস্তির হলো না আয়ারল্যান্ডের ছবি: এএফপি
পোর্টারফিল্ডের দুর্দান্ত সেঞ্চুরিতেও সংগ্রহটা স্বস্তির হলো না আয়ারল্যান্ডের ছবি: এএফপি

শুরুটা ছিল আশাজাগানিয়াই। অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের দারুণ শতকে আয়ারল্যান্ড স্বপ্ন দেখছিল বড় সংগ্রহের। কিন্তু হঠাৎ করেই পথ হারিয়ে ফেলা ব্যাটিংয়ে পুরো ৫০ ওভার শেষে সংগ্রহটা স্বস্তিকর কিছু হলো না। যেখানে তিন শর স্বপ্ন দেখছিল আয়ারল্যান্ড, সেখানে স্কোরবোর্ডে ২৩৭ রান তুলেই সন্তুষ্ট থাকতে হলো তাদের।

ইনিংসের শেষ ১০ ওভারে আয়ারল্যান্ড তুলেছে মাত্র ৪৯ রান। অধিনায়ক মিসবাহ-উল হক অবশ্যই ধন্যবাদ জানাবেন তাঁর দলের গতি বোলারদের। ডেথ ওভারগুলোতে নিখুঁত লাইন-লেংথের সমন্বয় ঘটিয়ে সোহেল খান, ওয়াহাব রিয়াজ, রাহাত আলীরা বেঁধে রাখলেন আইরিশ ব্যাটসম্যানদের। বোলারদের দারুণ বোলিংয়ে শেষ পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহটাকে খুব একটা ভীতিকর মনে হচ্ছে না পাকিস্তানের জন্য। আইসিসির সহযোগী দেশগুলোর প্রথম অধিনায়ক এই পোর্টারফিল্ড, যিনি বিশ্বকাপে পেলেন দারুণ এক শতক। ১৩১ বলে ১১টি চার ও একটি ছয়ের মারে সাজানো ১৬৭ মিনিটের এই ইনিংসটি ছিল অনন্য ও অনবদ্য। যতক্ষণ পোর্টারফিল্ড উইকেটে ছিলেন, ততক্ষণই বড় সংগ্রহের পথে হেঁটেছে আয়ারল্যান্ড। কিন্তু তাঁর বিদায়ের পরপরই ভোজবাজির মতো পাল্টে যায় সবকিছু। পোর্টারফিল্ডের সঙ্গে আরেকজন ব্যাটসম্যান যদি নিজেকে মেলে ধরতে পারতেন, তাহলে আয়ারল্যান্ডের সংগ্রহটা আরও বড় হলেও হতে পারত।

পোর্টারফিল্ডের সঙ্গে তাল মিলিয়ে ব্যাট করতে পারেননি আর কেউই। এড জয়েস, গ্যারি উইলসন, নেইল ও’ব্রায়েন, অ্যান্ডি বলবার্নিরা আশা জাগিয়েও নিজেদের সংগ্রহকে বেশি দূর নিতে পারেননি। অধিনায়ককে যোগ্য সঙ্গ দিতে পারার ব্যর্থতাতেই আয়ারল্যান্ডের সংগ্রহটা ঠিক চোখ রাঙাতে পারছে না পাকিস্তানি শিবিরকে।

ইনিংসের শুরুটা অবশ্য তেমন ভালো ছিল না আয়ারল্যান্ডের। দলীয় ১১ রানেই এহসান আদিলের বলে এলবির শিকার হন ৩ রান করা পল স্টার্লিং। জয়েস পোর্টারফিল্ডের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৫ রান তুলে সাজঘরে ফেরেন ১১ রানে, ওয়াহাব রিয়াজের বলে। তৃতীয় উইকেটে পোর্টারফিল্ড নেইল ও’ব্রায়েনকে সঙ্গে নিয়ে যোগ করেন আরও ৩০ রান। নেইল ও’ব্রায়েনকে ফেরান রাহাত আলী। চতুর্থ ও পঞ্চম উইকেটে পোর্টারফিল্ড বলবার্নি ও উইলসনকে সঙ্গে নিয়ে ৪৮ রানের আরও দুটি জুটি গড়ে লড়াইটা জারিই রেখেছিলেন। কিন্তু হারিস সোহেল ও সোহেল খানের আঘাতে বলবার্নি ও উইলসনকে হারিয়ে পথ হারায় আয়ারল্যান্ড। পোর্টারফিল্ড এরপর ১০৭ রানে সোহেল খানের বলে শহীদ আফ্রিদির দুর্দান্ত ক্যাচে পরিণত হলে আয়ারল্যান্ডের বড় সংগ্রহের আশা ফিকে হয়ে ওঠে।

শেষ ১০ ওভারে কেভিন ও’ব্রায়েনের ওপর ছিল প্রত্যাশা। কিন্তু তিনি ব্যর্থ হন। ওয়াহাব রিয়াজের বলে শোয়েব মাকসুদের ক্যাচ হন তিনি। এরপর স্টুয়ার্ট টম্পসনের ১২ আর জন মুনির ১৩ মান বাঁচায় আইরিশদের। ইনিংসের একেবারে শেষ লগ্নে জর্জ ডকরেলের ১১ আইরিশ স্কোরকে নিয়ে যায় ২৩৭-এ।

পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন সোহেল খান, রাহাত আলী আর ওয়াহাব রিয়াজ। একটি উইকেট গেছে হারিস সোহেলের ঝুলিতে। আফ্রিদি ১০ ওভার বল করে কোনো উইকেট না পেলেও মাত্র ৩৮ রান দিয়ে রান ঠেকিয়ে রাখার কাজটা তিনি সেরেছেন দারুণভাবেই। সূত্র: এএফপি।