সংবাদ সম্মেলনে এ কোন ধোনি!

একজন দলের পক্ষে সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন। তিনি হেরেছেন।
আরেকজন সবচেয়ে কম রান করে আউট হয়েছেন। তিনি জিতেছেন।
মহেন্দ্র সিং ধোনি ও মাইকেল ক্লার্কের সংবাদ সম্মেলনে থাকলে অবশ্য আপনার সন্দেহ হতেই পারত, রানে জয়ী লোকটিই ম্যাচেও জয়ী কি না!
চার বছর আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁর ছক্কাতেই শেষ হয়েছিল বিশ্বকাপ ফাইনাল। নিজেকে ব্যাটিং অর্ডারে তুলে এনে ধোনির ওই ইনিংস হয়ে আছে বিশ্বকাপের অমর গাথাগুলোর একটি। সেই বিশ্বকাপ বিসর্জন দিয়ে আসার পর ধোনির মুখে বিষাদের আঁকিবুঁকি থাকাই স্বাভাবিক। কিন্তু তিনি যে সব পূর্বানুমানের ঊর্ধ্বে।
ধোনির মুখে তাই উল্টো হাসির ফোয়ারা এবং কথায় কথায় রসিকতা। টেস্ট ক্রিকেট থেকে হঠাৎই অবসর নিয়ে ফেলেছেন। সেটিও ধোনিসুলভ চরম নির্লিপ্ততায়। সংবাদ সম্মেলনে বিন্দুমাত্র ইঙ্গিত দেননি, পরদিন বিসিসিআইর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সবাই জেনেছে, ধোনি আর টেস্ট ক্রিকেট খেলবেন না। কাল সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ ধরে রাখার স্বপ্ন ভেঙে যাওয়ার পর সংবাদ সম্মেলনে হাসিখুশি কৌতুকময় ধোনিকে দেখে ভারতীয় সংবাদমাধ্যমের ঘোরতর সন্দেহ, ওয়ানডে থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তটাও বোধ হয় নিয়ে ফেলেছেন এবং সেটিও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেই জানতে হবে।
সংবাদ সম্মেলনে দ্বিতীয় প্রশ্নটাই হলো ওয়ানডেতে তাঁর ভবিষ্যৎ ভাবনা নিয়ে। ধোনি উত্তর দিলেন রসিকতায়, ‘আপনারা এক কাজ করুন। এটা নিয়ে আগামী কয়েক দিন গবেষণা করুন। করার পর যা পাবেন, ঠিক তার উল্টোটা লিখে দিন। সেটিই হবে এই প্রশ্নের উত্তর।’
পরবর্তী মিনিট পনেরো ধোনির কথাবার্তা শুনে সন্দেহ আরও ঘনীভূত। এক সাংবাদিক তাই সরাসরিই প্রশ্ন করলেন, আগামীকালই আবার অবসর নেওয়ার সিদ্ধান্তটা জানিয়ে দেবেন না তো? ধোনির উত্তরে এবারও মিশে থাকল রসিকতা ও হেঁয়ালি, ‘আমি তো বললামই, আমার শারীরিক অবস্থা নিয়ে কাটাছেঁড়া করুন, গবেষণা করুন। তার পর যা মনে হয়, তার উল্টোটা লিখে দিন।’
ভারতীয় ক্রিকেট মানে চারপাশে চরম হট্টগোল। এই উন্মাদনার মধ্যেও কীভাবে যেন নিজেকে শান্ত-স্থিতধী রাখার আশ্চর্য এক মন্ত্রে দীক্ষা নিয়েছেন ধোনি। সেই মন্ত্রটা কি এই যে, নিজের কাজ করে যাও, কে কী ভাবল, কে কী বলল তা নিয়ে একটুও মাথা ঘামিও না? নইলে ওয়ানডে ইতিহাসের সর্বকালের সেরা অধিনায়কদের একজন কী চিহ্ন রেখে যাচ্ছেন—এই প্রশ্নের জবাবে কেন অবলীলায় বলবেন, ‘এটা নিয়ে আমি একদমই ভাবি না। যখনই খেলেছি, বিশেষ কিছু করতে চেয়েছি। মানুষ কী ভাবল কী না ভাবল তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি যা করেছি, তাতে আমি খুশি।’
একটু আগে শেষ হওয়া ম্যাচ নিয়েও প্রশ্ন হলো। ৩২৮ রানও তাড়া করা সম্ভব বলে ভেবেছিলেন। অস্ট্রেলিয়াকে এতে আটকে রেখে খুশিই হয়েছিলেন, কারণ একটা সময় মনে হচ্ছিল ওরা ৩৫০ করে ফেলবে। তবে ৯১ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর আশাটা প্রায় ছেড়েই দিয়েছিলেন। ম্যাচে থাকতে হলে আর উইকেট না হারিয়ে যেকোনোভাবেই হোক একটা জুটি গড়তে হতো। তা করতে গেলে আবার আস্কিং রেট বেড়ে যাওয়ার বিপদ। শেষ পর্যন্ত তা-ই হয়েছে। ভারতীয় ইনিংস শেষ হওয়ার অনেক আগেই আসলে শেষ হয়ে গেছে ম্যাচ।
এসব দুঃখের কথাও যেভাবে হালকা চালে বললেন, মিডিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যেভাবে রসিকতা করলেন, সেটি আবারও জাগিয়ে তুলল প্রশ্নটাকে—ধোনি কি তাহলে ওয়ানডেকেও বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন? ভারতীয় দল চার মাস ধরে এই অস্ট্রেলিয়ায়। দলের সাপোর্ট স্টাফরাও কেমন পরিবারের সদস্যের মতো হয়ে গেছেন তা বলতে বলতে পাশে দাঁড়ানো মিডিয়া ম্যানেজার ডা. বাবাকে দেখিয়ে বললেন, ‘উনি আপনাদের সঙ্গে যেমন আচরণই করুন, আমাদের কাছে খুব ভালো বন্ধু। আমি তো ওকে বলি, মিডিয়া যদি তোমার ওপর খুশি থাকে, তাহলে তুমি ভালো মিডিয়া ম্যানেজার নও।’ এই দীর্ঘ সময় অস্ট্রেলিয়ায় কাটানো প্রসঙ্গে রসিকতা করলেন, ‘আর দিন বিশেক থাকলে ওরা অস্ট্রেলিয়ার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারত।’
সেমিফাইনালে বিশ্বকাপ-স্বপ্ন শেষ হয়ে যাওয়ার পর ড্রেসিংরুমে কারও চোখে কি জল দেখেছেন? নিজেই-বা কী বলেছেন দলকে? ধোনি যেন কাল মুখে হাসি ঝুলিয়েই এসেছিলেন। সেটি রেখেই বললেন, ‘ড্রেসিংরুমের কথা আমি আপনাদের বলব না। আমি যা বলার তা বলে দিয়েছি।’
এই যে ওয়াংখেড়েতে জেতা বিশ্বকাপ, যেটিতে তাঁরও বড় অবদান, সেটি বিসর্জন দেওয়ার অনুভূতিটা কেমন? এবার যে উত্তরটা দিলেন, সেটি ক্রীড়াবিদের নয়, দার্শনিকের উত্তর—‘বিশ্বকাপ তো আর কারও সম্পত্তি নয়। আমরা কারও কাছ থেকে তা কেড়ে নিয়েছিলাম। আমাদের কাছ থেকে কেউ এবার তা নিয়ে নিচ্ছে। আন্তর্জাতিক খেলায় তো এমনই হয়। এটি নিয়ে এত ভাবাবেগে ভোগার কী আছে?’
সংবাদমাধ্যমের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও রসিকতা, ‘বলুন, আমি কি আপনাদের কারও সঙ্গে কখনো খারাপ আচরণ করেছি? আমি খুব ভালো বুঝি, আপনারা আপনাদের কাজ করেন, আমরা আমাদের কাজ। তবে এটা তো সত্যি, সব সময় আপনাদের দেখতে হয়। একই মুখ বারবার দেখতে কি ভালো লাগে?’
ধোনি নিজে হাসেন। সাংবাদিকদের মধ্য থেকেও হাসির রোল ওঠে। সবাই আবার নতুন করে পুরোনো সত্যিটাই জানেন, এই লোকটি আসলেই আলাদা!