সংলাপ চাইছেন গাভাস্কার
সিরিজটা হওয়ার কথা ছিল ডিসেম্বরেই। সে জন্য দুই সপ্তাহ আগে পিসিবির শীর্ষ কর্তারা মুম্বাইতে এসেছিলেন। কিন্তু চরমপন্থী সংগঠন শিবসেনার হামলায় পন্ড হয়ে যায় সেই সভা। টিম টিম করে জ্বলতে থাকা সিরিজের ভাগ্য একরকম নিভেই গেছে। তবে সুনীল গাভাস্কার মৃতপ্রায় সিরিজের মুখে অক্সিজেন জোগাতে সংলাপ চাইছেন দুই দেশের।
গত বছর ছয়টি সিরিজ খেলার ব্যাপারে একটা সমঝোতায় পৌঁছেছিল বিসিসিআই ও পিসিবি। কিন্তু প্রথমটির ভবিষ্যৎই এখন অন্ধকার। বিসিসিআই গত সপ্তাহে ভারত সরকারের কাছ থেকে সিরিজ আয়োজনের ব্যাপারে পরামর্শ চেয়েছে। ১০ দিনের মধ্যে তারা চূড়ান্ত সিদ্ধান্ত আশা করছে বলেও জানিয়েছে। সিরিজের ভাগ্যে কী লেখা আছে, সেটা এরপরই বোঝা যাবে।
ভারতের ব্যাটিং কিংবদন্তি গাভাস্কার সে জন্য দুই দেশের সংলাপ ছাড়া অন্য কোনো পথ দেখছেন না, ‘আমার মনে হয় সমস্যাটা সমাধানের জন্য আপনাকে কথা বলতে হবে। সেটাই হবে সমস্যা সমাধানের প্রথম ধাপ।’ গাভাস্কার মনে করিয়ে দিলেন, দুই দেশের বোর্ড যতই চেষ্টাই করুক, চূড়ান্ত সিদ্ধান্তটা তাদের হাতে নেই, ‘আমার মনে হয় না কোনো খেলারই সিদ্ধান্ত বদলানোর ক্ষমতা বোর্ডের আছে। কিন্তু যখন দুটি দেশ খেলে, তাদের সমর্থকেরা ম্যাচ দেখতে আসে। সেটা অনেক বরফই গলাতে সাহায্য করে। সরকারের জন্য এটা একটা সংকেত। কিন্তু আমি রাজনীতিবিদ নই, সাবেক খেলোয়াড় হিসেবেই কথাটা বলছি।’ সাবেক খেলোয়াড়েরাও যে আদতে ক্ষমতাহীন সেটাও স্বীকার করেছেন ভারতের সাবেক অধিনায়ক, ‘আমার মনে হয় না সাবেকেরা কথা বললে কোনো লাভ হবে। সরকার অনেক কিছু ভেবেই সিদ্ধান্ত নেবে, সাবেকেরা কী বলল তাতে কিছু আসবে যাবে না।’
সামনের বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে আবার এশিয়া কাপ হচ্ছে। গাভাস্কারের কাছে গুরুত্ব পাচ্ছে এটাও, ‘ভারত শ্রীলঙ্কা বা বাংলাদেশে না খেললে দুই দেশই ভুগবে। নিজেদের মধ্যে খেললেই শুধু উপমহাদেশের ক্রিকেট শক্তিশালী হবে। সে জন্যই এশিয়া কাপ এত গুরুত্বপূর্ণ একটা আয়োজন।’ পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট না হওয়ার দুঃখটাও ছুঁয়ে যায় তাঁকে, ‘পাকিস্তানের ক্ষতিটাই বেশি। পাকিস্তানের শিশুরা চোখের সামনে ইউনিস, মিসবাহ, আফ্রিদিদের দেখতে পারছে না। এই অনুপ্রেরণাটা তাদের জন্য খুবই দরকার। কিন্তু ওরা এটা পাচ্ছে না।’ এএফপি।