ডারবান টেস্টের দ্বিতীয় দিনের সকালটা অন্যরকম হয়েই এলো বাংলাদেশের জন্য। কাল প্রথম দিন প্রথম সেশনে যেভাবে উইকেটের জন্য মাথা কুটে মরেছিলেন মুমিনুল হকরা, আজ তেমন কিছু হয়নি। দিনের ষষ্ঠ ওভারেই জোড়া আঘাত পেসার খালেদ আহমেদের। ক্যারিয়ারে চতুর্থ টেস্ট খেলতে নামা খালেদ হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন। ৪ উইকেটে ২৩৩ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা পরিণত হয় ২৪৫/৬। আউট হয়ে ফেরেন কাইল ভেরেইনা ও উইয়ান মুল্ডার। প্রথম সেশনে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি বাভুমাকে শতরান করতে না দেওয়াও বড় সাফল্য। যদিও দক্ষিণ আফ্রিকার ‘তিনশ’ ঠেকাতে পারেনি বাংলাদেশ। মধ্যাহ্নবিরতি পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ উইকেটে ৩১৪।
৮০তম ওভারে নতুন বল নেওয়ার পরও টেম্বা বাভুমা আর ভেরেইনারা সহজেই খেলছিলেন। খালেদকে একটি ওভারে দুটি চার মেরে আধিপত্যের ইঙ্গিত দিয়েছিলেন বাভুমা। কিন্তু পরের ওভারেই বাজিমাত খালেদের। ৮৩তম ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লু হন ভেরেইনা। আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়েছিলেন প্রোটিয়া ব্যাটসম্যান, কিন্তু বাঁচতে পারেননি। পরের বলেই খালেদের আউটসুইংয়ে খোঁচা দেন মোল্ডার। বল তাঁর ব্যাটের কানা ছুঁয়ে সোজা চলে যায় গালিতে দাঁড়ানো মাহমুদুল হাসানের হাতে। বাঁ দিকে ঝাঁপিয়ে চমৎকার এক ক্যাচ নেন মাহমুদুল।
২৪৫ রানেই ৬ উইকেট পড়ে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকা তিনশ পেরোতে পারবে কিনা, এমন প্রশ্নের মধ্যেই বুকি চিতিয়ে লড়াই করলেন বাভুমা। বাংলাদেশের বোলারদের বিপক্ষে যেন একাই দাঁড়িয়েছিলেন তিনি। তবে তাঁকে বেশ ভালো সঙ্গ দিয়েছেন কেশব মহারাজ। সপ্তম উইকেট জুটিতে বাভুমা আর মহারাজ ৯৪ বলে ৫৩ রানের এক জুটি গড়ে দলকে তিনশার দিকে এগিয়ে দেন অনেকটা পথই। দিনের শুরুতে যে বিপর্যয়কর পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা পড়েছিল, সেটি থেকেও দলকে অনেকটাই বের করে নিয়ে আসেন। বাভুমাও ধীরে ধীরে এগিয়ে যেতে থাকেন কাঙ্খিত শতকের দিকে। ১৯০ বলে ৯৩ রান করে যখন তিন অঙ্কের স্বপ্ন দেখছেন, তখনই মেহেদী হাসান মিরাজের আঘাত। তাঁর অফ ব্রেক দারুণ ভাবে ভেতরে ঢুকে ভেঙে দেয় বাভুমার লেগ স্টাম্প। ব্যাটের ভেতরের কানাতেও বল লেগেছিল। বাভুমার হৃদয় ভাঙার পর মহারাজকেও ফেরাতে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশ। ইবাদত তাঁকে বোল্ড করে দারুণ একটা স্যালুটই মারেন। মহারাজ ৪০ বল খেলে করেন ১৯।
এই দুই ব্যাটসম্যান যখন ফেরেন তখনো দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩০০ পেরোয়নি। ২৯৮ রানে ৮ উইকেট হারানো প্রোটিয়ারা শেষ পর্যন্ত তিনশ পেরোয় সিমন হারমার ও লিজাড উইলিয়ামসের কল্যাণে।
আজ বাংললাদেশের পেসাররা এখনো পর্যন্ত দারুণ। সেরা বোলার খালেদই। তিনি এখনো পর্যন্ত ২০ ওভার বোলিং করে ৮০ রান দিয়ে নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন ইবাদত ও মিরাজ। তবে উইকেটশূন্য আছেন তাসকিন আহমেদ।