সকালে ভেবে দুপুরে নেতৃত্ব ছাড়ার ঘোষণা মাশরাফির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি বিন মুর্তজা। ছবি: প্রথম আলো
মাশরাফি বিন মুর্তজা। ছবি: প্রথম আলো
>নেতৃত্ব ছাড়ার সময়ে কোনো অপ্রাপ্তি নেই মাশরাফি বিন মুর্তজার। প্রধানমন্ত্রীর কানেও পৌঁছেছে তাঁর এ সিদ্ধান্ত

‘না। আমার ক্যারিয়ারটাই তো অনেক আগে শেষ হয়ে যেতে পারত।’

কথাটা মাশরাফি বিন মুর্তজার। ২০০৯ সালের প্রথমবার জাতীয় দলের নেতৃত্ব পাওয়া মাশরাফি এ গুরুদায়িত্ব ছাড়ছেন কাল। দীর্ঘদিনের নেতৃত্বে কোনো অপ্রাপ্তি আছে, কোনো খেদ? উত্তরে ওপরের কথাটা বললেন বাংলাদেশ অধিনায়ক। সঙ্গে জুড়ে দিলেন নিজের দর্শনও, ‘যতটুকু পেয়েছি আল্লাহর কাছে শুকরিয়া যে এতটা আসতে পেরেছি। প্রাপ্তির বিষয়ে একজন খেলোয়াড়ের বলা কঠিন। অপ্রাপ্তি সহজেই বলা যায়। অনেক অপ্রাপ্তি আছে। সেটিও দিন শেষে আমার কাছে প্রাপ্তিই। এটুকু বলতে পারি আমি এ দায়িত্ব সর্বোচ্চ প্রাধান্য দিয়ে পালনের চেষ্টা করেছি। এখন প্রাপ্তি-অপ্রাপ্তি আপনারা কিংবা সমর্থকেরা যারা আছেন তারা বলতে পারবেন। আমি এসব খুঁজে বের করার চেষ্টা করিনি।’

মাশরাফি শুধু জাতীয় দলের ক্রিকেটার নন, জাতীয় সংসদের সম্মানিত একজন সদস্যও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর বোঝাপড়াও বেশ ভালো। তাঁর নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী জানেন কি না—এ প্রশ্নটা উঠেছিল সিলেটের সংবাদ সম্মেলনে। মাশরাফির জবাব, ‘প্রধানমন্ত্রী খেলাটা পছন্দ করেন অনেক। খেলার খোঁজখবর রাখেন। দেশের এত দায়িত্বের ভেতরে থেকে এসব ছোটখাটো বিষয়ে ওনার কাছে যাওয়া, ডিস্টার্ব করা, আমার মনে হয় না প্রয়োজন আছে। তারপরও কোনো না কোনোভাবে তিনি জানেন। আমি আশা করছি সবাই আমাকে সমর্থন করেছেন। তিনিও করেছেন।’

কোনো কিছু নিয়ে খুব বেশি ভাবার অভ্যাস নেই মাশরাফির। নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তও তিনি নিয়েছেন এভাবেই। কাল পর্যন্তও ভুগেছেন সিদ্ধান্তহীনতায়। এ নিয়ে মাশরাফি বলেন, ‘আমি আসলে এত ভাবিনি। আজ সকালে মনে হয়েছে, যথেষ্ট হয়েছে! সত্যি বলতে আজ সকালেই মনে হয়েছে। কালকে পর্যন্ত সিদ্ধান্তহীনতায় ছিলাম। কিন্তু আজকে সকালে মনে হয়েছে যথেষ্ট হয়েছে।’ পরিবারকে জানানো প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমি শুধু বাসায় ফোন করে জানিয়ে দিয়েছি যে “ডান”। তারা শক্তভাবেই আমার পাশে আছে। যেমন টি-টোয়েন্টি থেকে যাওয়ার সময়ও তারা আমাকে সমর্থন দিয়েছিল। তারা ঠিক সেইভাবে আমার পাশে আছে।’