সজীবের ৯ উইকেট কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে দারুণ এক কীর্তি গড়লেন সজীব। ফাইল ছবি
জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে দারুণ এক কীর্তি গড়লেন সজীব। ফাইল ছবি

ঘরোয়া ক্রিকেটে সাকলাইন সজীবের নিজেরও এই রেকর্ড নেই। ৫২টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর সংগ্রহ ২২৯ উইকেট। সেরা বোলিং—২৯ রানে ৭ উইকেট। আজ নিজের অতীত সেরাটাও ছাড়িয়ে গেলেন রাজশাহীর এ বাঁহাতি স্পিনার। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ৯ উইকেট তুলে নিয়েছেন সজীব। বিদেশি কোনো দলের বিপক্ষে বাংলাদেশের কোনো বোলারের এটিই সর্বোচ্চ সাফল্য।

জাতীয় লিগে এক ইনিংসে আবদুর রাজ্জাক ৯ উইকেটে পেয়েছেন দুবার, একবার পেয়েছেন মোশাররফ হোসেন। তবে বিদেশি কোনো দলের বিপক্ষের এক ইনিংসে ৯ উইকেট পাওয়ার ঘটনা এটাই প্রথম। মূলত সজীবের ভেলকিতে সফরকারী দল অলআউট হয়েছে ২০৬ রানে। ম্যাচটি আন-অফিশিয়াল হলেও এমন কৃতিত্ব নিশ্চয় স্মৃতিতে জমা থাকবে বহুদিন।

টসে জিতে প্রথম ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ‘এ’ দলের শুরুটা বেশ ভালোই হয়েছিল। অধিনায়ক ভুসিমুজি সিবান্দা ও টিনো মায়োয়োর উদ্বোধনী জুটিতেই আসে ৪২। ব্যস, এরপরই শুরু সজীবের ঘূর্ণিজাদুর খেলা। জিম্বাবুয়ে ‘এ’ দলে ১ উইকেটে ১০৩ থেকে ২০৬ রানে অলআউটের নেপথ্যে বড় অবদান নিঃসন্দেহে সজীবেরই। হয়তো একটু আক্ষেপও হচ্ছে সজীবের। প্রতিপক্ষের ব্যাটসম্যানের ওপর নয়, বরং সতীর্থের ওপর! লুক জঙ্গের উইকেটটি ফরহাদ হোসেন না নিলে হয়তো এক ইনিংসে ১০ উইকেটে নেওয়ার অনন্য কৃতিত্বের অধিকারী হতে পারতেন তিনি।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম দিনে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ বিনা উইকেটে ৩০। ২৩ রানে উইকেটে রয়েছেন লিটন কুমার ও ৪ রানে সাদমান ইসলাম।