
একটা শঙ্কার জায়গা থেকেই গতকাল শনিবার প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছিল লেখাটা। ‘আবারও অন্ধকারের পথে বাংলাদেশের ক্রিকেট?’ শিরোনামে প্রকাশিত লেখাটা বাংলাদেশের ক্রিকেট নিয়ে সমালোচনা যতটা ছিল, তার চেয়েও বেশি ছিল এ দেশের ক্রিকেটের ভবিষ্যত্ নিয়ে শঙ্কা। ১৪ বছর আগে টেস্ট মর্যাদা আর তারও অনেক আগে থেকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করা একটি দল যেখানে দিনে দিনে উন্নতির পথে হাঁটবে, সেখানে বাংলাদেশের অবস্থা ঠিক উল্টো। মাঝখানে জয়টা নিয়মিত অভ্যাসে পরিণত হলেও এক বছর ধরে পরিস্থিতিটা যথেষ্টই উদ্বেগ-জাগানিয়া। আমাদের সবার প্রিয়, সবার আশা-আকাঙ্ক্ষার জাতীয় ক্রিকেট দল যেন হাঁটছে অন্ধকারের পথেই। নিয়মিত জয় দূরে থাকে, দুই-এক ম্যাচ পরপরই দেশের মানুষকে ক্রিকেট ‘উপহার’ দিচ্ছে বড় বড় সব লজ্জা। দেশের ক্রিকেটের যখন পরিণত হওয়ার কথা, যৌবনের দীপ্তিতে চারদিক আলোকিত করার কথা, ঠিক তখনই ক্রিকেট যেন ফিরে গেছে হাঁটি হাঁটি পা পা ফেলার সেই যুগে। কিন্তু কেন? এমনটা তো হওয়ার কথা ছিল না। আজ যাঁরা ব্যর্থ, এঁদের হাত ধরেই তো মাত্র এক বছরেরও কম সময় আগে এসেছে নিউজিল্যান্ডের বিপক্ষে সাফল্য। এঁরাই তো এশিয়া কাপে ভারত, শ্রীলঙ্কাকে হারিয়েছিলেন। এঁরাই তো প্রায় ছুঁয়ে ফেলেছিলেন এশিয়া কাপ জয়ের গৌরব। তাহলে এ বছর তাঁদের কী হলো! নিশ্চয়ই কোনো সমস্যা তাঁদের কুরে খাচ্ছে। নিশ্চয়ই ক্রিকেটের অভিভাবকদের কোনো প্রশাসনিক গলদ আছে। নিশ্চয়ই ক্রিকেট পরিচালনা পদ্ধতিতে কোনো সমস্যা আছে। প্রথম আলো অনলাইনের গতকালের প্রতিবেদনটিতে আকুতি ঝরেছিল সেই সব সমস্যা খুঁজে বের করার ব্যাপারে। বাংলাদেশের ক্রিকেট যেন আবার সঠিক পথে ফিরে আসে, সেই লক্ষ্যে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে।
প্রতিবেদনটি পাঠকেরা পড়েছেন, হূদয় দিয়ে অনুভবের চেষ্টা করেছেন। প্রথম আলো অনলাইনের মন্তব্য বিভাগে তাঁরা এ ব্যাপারে নিজেদের মতামতও দিয়েছেন। আজ রোববার সকাল ১০টা পর্যন্ত প্রথম আলোর ফেসবুক পেজের মাধ্যমে প্রতিবেদনটি পড়েছেন মোট ১ লাখ ৬৭ হাজার ৪০ জন পাঠক। তাঁরা ফেসবুকেই প্রতিবেদনটি শেয়ার করেছেন ৮৪ বার। ‘লাইক’ পড়েছে ৩ হাজার ৩৩৭টি। খুব আনন্দ নিয়ে যে পাঠকেরা প্রতিবেদনটি পড়েছেন, এ কথা নিশ্চয়ই বলা যাবে না। হয়তো পরশু ম্যাচটি বাংলাদেশ জিতে গেলে তাঁদের নিয়ে লেখা কোনো বিজয়গাথার পাঠক থাকতেন আরও অনেক অনেক বেশি।
পাঠকেরা প্রতিবেদনটি পড়ে ফেসবুক পেজেই দিয়েছেন তাঁদের সুচিন্তিত মতামত। সেখান থেকে যাচাই-বাছাই করে মোট ৬১৮টি মন্তব্য সেখানে প্রকাশ করা গেছে। প্রায় প্রতিটিতে ছিল এ দেশের ক্রিকেট নিয়ে হাহাকার। বাংলাদেশের ক্রিকেট নিয়ে এ দেশের সাধারণ মানুষও যে চরম উত্কণ্ঠায় রয়েছেন, প্রথম আলোর ফেসবুক পেজে একবার ঢুঁ মারলে সেটা খুব পরিষ্কারভাবেই বেরিয়ে আসবে।
পাঠকদের অনেকেই বাংলাদেশের ক্রিকেটের আজকের এই করুণ-দশার দায়ভার চাপিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর। তাঁদের অভিমত, ক্রিকেট বোর্ডের কিছু ভুলনীতি আর ক্রিকেট পরিচালনায় দলীয়করণ ও বিভিন্ন দুর্নীতির কারণেই ডুবতে বসেছে বাংলাদেশের ক্রিকেট। মিন্টু মিয়া নামের একজন পাঠক মন্তব্য করেছেন, ক্রিকেটকে অবশ্যই দলীয়করণ আর রাজনীতির বাইরে রাখতে হবে। তাহলে হয়তো আবার সুদিন ফিরবে।
মাইনুল ইসলামের মতে, বর্তমান ক্রিকেট বোর্ডের অধীনে ঘরোয়া ক্রিকেট নিয়ে অনিশ্চয়তা ও বিভিন্ন বিষয়ে অযাচিত বিতর্ক ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি বর্তমান বোর্ডের কোচ নির্বাচন নিয়েও কিছু প্রশ্ন তুলেছেন।
মুশফিকুর রহিমের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তামিম ইকবালের দীর্ঘ ফর্মহীনতাও অনেকের কাছে দলের বিপর্যয়ের অন্যতম কারণ। তানভীর হোসেন মন্তব্য করেছেন, মুশফিকের অধিনায়কত্বে অনেক গলদ আছে। আমি মনে করি না বাংলাদেশ এতটা বাজে দল। বোলিং পরিবর্তনে তাঁর অনেক গলদ আছে। প্রতিপক্ষ যখন চাপে থাকে, তখন সেই চাপ ধরে রাখার কারিশমারও অভাব আছে মুশফিকুর রহিমের মধ্যে।
খেলোয়াড় নির্বাচন-পদ্ধতিরও বিপক্ষে অনেক পাঠক। প্রথম ম্যাচে বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাককে বাইরে রাখার সমালোচনা করেছেন অনেকেই। মাহমুদউল্লাহর জায়গায় মুমিনুল হককে কেন খেলানো হচ্ছে না, একটি ম্যাচে একটু খারাপ করাতে পেসার তাসকিন আহমেদকে কেন দ্বিতীয় ম্যাচে বসিয়ে দেওয়া হলো, এই উত্তরগুলোও খুঁজে ফিরছেন অনেকেই।
পাশাপাশি অনেকেই দলে সাকিব আল হাসানের না থাকার বিষয়টি সামনে নিয়ে এসেছেন। একটি গুরুত্বপূর্ণ সিরিজের আগে সাকিবের শাস্তিটি ‘বাড়াবাড়ি’ হয়ে গেছে বলেও মন্তব্য করেছেন বহু পাঠক। পার্থ নামের এক পাঠক বলেছেন, সাকিবকে ‘ব্যক্তিগত ক্ষোভ থেকে’ শাস্তি দেওয়া হয়েছে। তাঁর মতে, ‘এটি একটি অপেশাদারি সিদ্ধান্ত।’ তিনি সুনীল নারাইনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বড় ও ভালো খেলোয়াড়দের অনেক কিছুই সহানুভূতির চোখে দেখা উচিত। সুনীল নারাইন আইপিএলের ফাইনালে খেলার জন্য বোর্ডের দেওয়া ডেডলাইন উপেক্ষা করলেও যেখানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। সেখানে মুখে বলে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি লিগে খেলার জন্য সাকিব ক্যারিবিয়ানে গেলেও তাঁকে শাস্তির খড়্গ মাথা পেতে নিতে হয়েছে। পুরো বিষয়টিকেই পার্থ ‘বোর্ডের একটি হটকারী’ সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেন।
এই প্রতিবেদনে নানা বিষয়ে পাঠকেরা তির্যক মন্তব্য করলেও তাঁদের মূল আকুতিটা যে এ দেশের ক্রিকেটের উন্নতি, ভালো ফলাফল—এটা বলাই বাহুল্য। যে ক্রিকেট আমাদের আশা-আকাঙ্ক্ষার জায়গা, যে ক্রিকেট আমাদের গর্ব করার অনুষঙ্গ, সেই ক্রিকেট কেবল অব্যবস্থাপনা আর সুষ্ঠু পদক্ষেপের অভাবে উল্টোপথে হাঁটবে, এ বিষয়টিই মেনে নিতে পারছেন তা তাঁরা কেউই। সমালোচনা আর তির্যক মন্তব্যের পাশাপাশি সেই হাহাকার যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ক্রিকেট এ দেশের মানুষের হূদয়ের কোন জায়গায় অবস্থান করছে।