সঠিক সময়ের অপেক্ষায় আজমল
সাঈদ আজমলের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারটা কি তাহলে শেষই হয়ে গেল? সব দেখেশুনে কিন্তু তা-ই মনে হচ্ছে। বোলিং অ্যাকশন বদলে ফেরার পর থেকে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন পাকিস্তানি অফ স্পিনার। বাংলাদেশ সফরের পর সেই যে দল থেকে বাদ পড়েছেন, ফেরার মতো কিছুই করতে পারছেন না। যদিও আগামী মাসে আটত্রিশে পা দিতে যাওয়া আজমল হাল ছাড়ছেন না এত সহজে। অন্তত সীমিত ওভারের ক্রিকেটে আবারও ফিরতে চান। সেখানে খেলে বিদায় নিতে চান সম্মানের সঙ্গে।
অভিষেক হয়েছিল ৩০ পেরিয়ে। সেটা পুষিয়ে দিতেই যেন আজমল শুরুটা করেছিলেন দুর্দান্তভাবে। পাকিস্তানের হয়ে সবচেয়ে কম টেস্ট (২০) খেলে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট (৮৫) এখনো তাঁর। কিন্তু গত বছর অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞা পাওয়ার পর সেটা শুধরে ফিরে আসা আজমলকে দেখা গেল এক নখদন্তহীন বাঘ! প্রত্যাবর্তনের পর গত এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি আর একটি ওয়ানডে মিলিয়ে নিয়েছেন মাত্র ১ উইকেট। এরপর যে দল থেকে বাদ পড়েছেন, আর ফেরা হয়নি। কিন্তু আজমল ফেরার আশা এখনো ছাড়েননি, ‘আমি এভাবে আড়ালে থেকে বিদায় নিতে চাই না। পাকিস্তানের জন্য যথেষ্ট করেছি আমি, একাই অনেক ম্যাচ জিতিয়েছি। শ্রদ্ধা ও সম্মানের সঙ্গেই ক্রিকেটকে বিদায় বলতে চাই। নির্বাচকদের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলব।’
নিজেকে খুঁজে পেতে সম্প্রতি উস্টারশায়ারের হয়ে কাউন্টিতেও খেলে এসেছেন প্রায় একটা মৌসুম। সেখানেও আগের আজমলসুলভ পারফরম্যান্স নেই, ৮ ম্যাচে ৫৫.৬২ গড়ে মাত্র ১৬ উইকেট। আজমল নিজেও মানেন এই পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে ফেরা কঠিন। নিজেকে প্রমাণের জন্য এবার তাই বেছে নিয়েছেন পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি কাপকে। তাঁর বিশ্বাস সেখানেই খুঁজে পাবেন নিজেকে, ‘চার দিনের ম্যাচে আমি উইকেট না-ও পেতে পারি। কারণ ইংল্যান্ডের উইকেটগুলো সবুজ, নরম এবং অনেক বৃষ্টি হয়। কিন্তু সীমিত ওভারের ম্যাচে আমি এখনো অনেক ভালো বোলার এবং উইকেটও পাই।’
পরিবর্তিত বোলিং অ্যাকশনেই আবার পুরোনো রূপে ফেরার স্বপ্ন তাঁর, ‘নতুন অ্যাকশনে ছন্দ পেতে অবশ্যই কিছুটা সময় আমার দরকার। আমি আরও আগেই দলে জায়গা পেতে নাছোড়বান্দা হতে পারতাম, কিন্তু সেটা ঝুঁকিপূর্ণ হতে পারত। কারণ আমরা দেখছি বোলিং অ্যাকশন বদলের পরও মোহাম্মদ হাফিজ আবার অভিযুক্ত হয়েছে। আমি তাই সঠিক সময়ের অপেক্ষায় আছি।’ ক্রিকইনফো।