সদাহাস্যময় এক দুঃখী ক্রিকেটার

টেস্টে একজন বোলার এক দিনে সর্বোচ্চ কয় উইকেট নিতে পারেন—৮ টি,৯ টি, ১০ টি? টেস্টে এক ইনিংসে ১০ উইকেট পাওয়ার ঘটনাই তো ঘটেছে মাত্র দুবার। কিন্তু চিন্তাশক্তিকে আরেকটু বাড়িয়ে নিতে হচ্ছে। টেস্টের এক দিনে ১৫ উইকেট নেওয়ার ঘটনাও আছে। ইংলিশ বাঁহাতি স্পিনার জনি ব্রিগস এক দিনেই নিয়েছিলেন এতগুলো উইকেট।
১৮৮৯ সালে কেপটাউন টেস্টের দ্বিতীয় দিনেই ঘটেছিল প্রায় অবিশ্বাস্য এই ঘটনা। ইংল্যান্ডের ২৯২ রানের জবাবে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করেছিল ৪৭ রান। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে করেছিল আরও কম, ৪৩। তাদের দোষ দিয়ে লাভ নেই, সেই ২৬ মার্চ দিনটিই যে ছিল ব্রিগসের দিন। সেদিন ২ ইনিংস মিলিয়ে ৩৩.৩ ওভার বল করে ২৮ রান দিয়ে ১৫ উইকেট নিয়েছিলেন ব্রিগস। কোনো ফিল্ডারের সাহায্য নিতে হয়নি তাঁকে। প্রথম ইনিংসের ৭ উইকেটের একটিতে তবু আম্পায়ারের সাহায্য লেগেছিল, এলবিডব্লুও করেছিলেন একজনকে। বাকি ১৪ ব্যাটসম্যানই বোল্ড।
ক্রিকেট ইতিহাসে ব্রিগসের কীর্তি এখানেই শেষ হয়নি। ৩৩ টেস্টে ১৭.৭৫ গড়ে ১১৮ উইকেট বুঝতে দেয় না ব্রিগসের আসল চরিত্র। উইকেটের সংখ্যাও যে এক শ ছুঁতে পারে, সেটি ক্রিকেটকে দেখিয়েছেন তিনি। ইতিহাসের তৃতীয় হ্যাটট্রিকটাও করেছিলেন, দুই বার ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন তিনি।
অথচ শুরুতে বোলার কিংবা ব্যাটসম্যান নয়, ফিল্ডার হিসেবে কাউন্টি দলে সুযোগ মিলেছিল তাঁর। কভারে দুর্দান্ত এক ফিল্ডার ছিলেন তিনি। এরপর আগ্রাসী ব্যাটিংয়ের কারনে ইংল্যান্ড দলে জায়গা পেয়ে যান। কাজ চালানো বোলার থেকে দলের মূল বোলারে পরিনত হন দলে ঢোকার দুই বছর পর।
তবে ব্রিগস সম্পর্কে সবচেয়ে মজার তথ্য হচ্ছে, বোলিংয়ের সময় সব সময় হাসি লেগে থাকত তাঁর মুখে। ব্যাটসম্যান ব্যাট করতে নামলে তাঁর দিকে তাকিয়ে হাসতেন, বোলিংয়ে গিয়ে হাসিমুখে বল করতেন, আবার আউট করেও হাসিমুখেই বিদায় জানাতেন ব্যাটসম্যানকে।
কিন্তু সদাহাস্যময় এই ক্রিকেটারের শেষটা খুব করুণ। ১৮৯৯ সালে হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ব্যাটসম্যানের শট এসে তাঁর বুকে লাগে। এই আঘাতেই শেষ হয়ে যায় ক্যারিয়ার। সেই আঘাতের পরিণতিতেই দুই বছর পর মানসিক ভারসাম্যহীন অবস্থায় একটি আশ্রয়কেন্দ্রে তাঁর মৃত্য ঘটে।
আজ ১১ জানুয়ারি টেস্ট বোলিংয়ের প্রথম এই ‘সেঞ্চুরিয়ানে’র মৃত্যুবার্ষিকী।