সনজিতের জন্য অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতে ফিল্ডিং অনুশীলন করে সনজিৎ সাহা চলে গেলেন নেটে। চলল প্রায় আধা ঘণ্টার বোলিং অনুশীলন। বোলিং অনুশীলন করেছেন আগের দিনও। তবে আজ স্কটল্যান্ডের বিপক্ষে এই অফ স্পিনার খেলবেন কি না, কাল সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আইসিসির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিল টিম ম্যানেজমেন্ট।
বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদীন সন্ধ্যায় জানালেন, ‘যতক্ষণ পর্যন্ত আইসিসি সিদ্ধান্ত না জানাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সনজিতের খেলতে কোনো বাধা নেই। তবে এখন পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত জানতে পারিনি।’
যুব বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ম্যাচ শেষে জানিয়ে দেওয়া হয়েছিল, সনজিতের বোলিং অ্যাকশন সন্দেহজনক। এই অফ স্পিনারের কনুইয়ের বাঁক নাকি বৈধ ১৫ ডিগ্রি ছাড়িয়ে গেছে। তাঁর বোলিং অ্যাকশন নিয়ে দলের ভেতর সংশয় অবশ্য আগে থেকেই ছিল। সব জেনেও কেন দলে রাখা, এমন প্রশ্নে যুবদলের কোচ মিজানুর রহমানের যুক্তি, ‘খালি চোখে আমাদের মনে হয়েছে, ওর অ্যাকশন বৈধ ১৫ ডিগ্রির মধ্যেই আছে। তা ছাড়া বোলিং অ্যাকশন পরিবর্তন করলে ধার কমে যাবে, এমন আশঙ্কায় ওর বিশেষত্ব নষ্ট করতে চাইনি।’
অফ স্পিনার হিসেবে অবশ্য এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন সনজিৎ। যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড তাঁরই। গত নভেম্বরে চট্টগ্রামে জিম্বাবুয়ে যুবাদের বিপক্ষে ১০ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট।
যদি সত্যিই তাঁর বোলিং নিষিদ্ধ হয়, সে ক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের হাতে বিকল্প আছে। সম্ভাব্য বিকল্প হিসেবে শোনা গিয়েছিল অফ স্পিনার মোসাব্বেক হোসেনের নাম।