সনজিতের বোলিং নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত খেলছে বাংলাদেশ দল। এরই মধ্যে এল একটা বড় দুঃসংবাদ। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ দলের অফ স্পিনার সনজিৎ সাহা! চলমান যুব বিশ্বকাপে আর বোলিং করতে পারবেন না তিনি।
আশঙ্কাটা আগেই ছিল। গত বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচেই যুবদলের অন্যতম সেরা এই অফ স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন ম্যাচ অফিশিয়ালরা। আর কাল কক্সবাজারে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই নিষিদ্ধ হন সনজিৎ। আইসিসির ওয়েবসাইটে জানানো হয়, অবৈধ প্রমাণিত হয়েছে সনজিতের বোলিং অ্যাকশন। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে নাকি পরশু রাত ১০টার দিকেই জানিয়ে দেওয়া হয়েছিল সিদ্ধান্তটি। তাই বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচে খাঁটি দর্শক হয়ে ছিলেন সনজিৎ। তাঁর জায়গায় একাদশে ছিলেন বাঁহাতি স্পিনার আরিফুল ইসলাম।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, প্রথম ম্যাচের ফুটেজ পর্যালোচনা করে আইসিসি দেখেছে, বোলিংয়ের সময় মাঝে মাঝে সনজিতের কনুই বাঁকে ৪৫ ডিগ্রি অথচ বৈধ সীমা ১৫ ডিগ্রি। নিয়ম অনুয়ায়ী অ্যাকশন শোধরানোর পর আইসিসি অনুমোদিত ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় উতরাতে পারলেই আবার যুব ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন সনজিৎ।