সনজিতের বোলিংয়ের পাশে লাল কালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সনজিৎ সাহা
সনজিৎ সাহা

যুব বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দুর্দান্ত এক জয় নিয়ে মাত্রই মাঠ ছেড়েছে বাংলাদেশ। এরই মধ্যে এল সংবাদটা, আসলে দুঃসংবাদ। ম্যাচ রেফারি গ্রায়েম ল্যাবরয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিলেন, সনজিৎ সাহার বোলিং অ্যাকশন সন্দেহজনক। এই অফ স্পিনারের কনুইয়ের বাঁক নাকি বৈধ ১৫ ডিগ্রি ছাড়িয়ে গেছে।
তবে এতে সনজিতের বিশ্বকাপ শেষ হয়ে গেল কি না এখনই বলা যাচ্ছে না। আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একটি বিশেষজ্ঞ প্যানেল ম্যাচের ফুটেজ পর্যালোচনা করে দেখবেন সনজিতের বোলিং বৈধ না অবৈধ। তার আগ পর্যন্ত তাঁর খেলতে কোনো বাধা নেই।
যুবদলের কোচ মিজানুর রহমান কাল জানালেন, তিন দিনের মধ্যেই আইসিসি জানিয়ে দেবে, সনজিৎ খেলতে পারবেন কি পারবে না, ‘টুর্নামেন্টে ওর খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে আইসিসি এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি আমাদের। তবে তিন দিনের মধ্যে জানাবে। এরপরই আমরা সিদ্ধান্ত নেব।’
দলের স্পিন আক্রমণের অন্যতম ভরসা সনজিৎ। পরশু ম্যাচে উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশ চাপে রেখেছিলেন প্রোটিয়া যুবাদের। ৮ ওভারে দিয়েছিলেন ৩০ রান। অবশ্য এ পরিসংখ্যানেও সনজিতের বোলিং সম্পর্কে পুরোপুরি ধারণা পাওয়া যাবে না।
গত বছরের ফেব্রুয়ারিতে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর থেকেই আলো ছড়িয়েছেন। ৮ ম্যাচে পেয়েছেন ২৬ উইকেট। গত অক্টোবরে খুলনার বিপক্ষে রংপুরের হয়ে ইনিংসে ৭ ও ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন। কদিন আগে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে যুব ওয়ানডে সিরিজেও করেছিলেন দারুণ বোলিং। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে পেয়েছিলেন ৫ উইকেট। সালেহ আহমদের সঙ্গে যৌথভাবে নিয়েছিলেন সিরিজ সর্বোচ্চ ৭ উইকেট।
অবশ্য তাঁর বোলিং অ্যাকশন নিয়ে দলের ভেতর ফিসফাস ছিল। যদিও সাদা চোখে সেটি কখনোই বোঝা যায়নি। পরশু ম্যাচটি টিভিতে সম্প্রচার হওয়ার পরই বিষয়টি চলে এসেছে প্রকাশ্যে।