সনজিৎ-সাইফ জেতালেন শেষ ম্যাচ
২৩৫ রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল ১ উইকেটে ৯৭। তখন মনে হচ্ছিল আগের দুই ম্যাচে বাংলাদেশের যুবাদের কাছে নাস্তানাবুদ হওয়ার শোধ বুঝি এ ম্যাচেই নেবে ক্যারিবীয় যুবারা। কিন্তু বাংলাদেশি অফ স্পিনার সনজিৎ সাহা যে অন্য রকম ভেবে রেখেছিলেন তা কি আর জানত ওয়েস্ট ইন্ডিজ দল!
শিমরন হেটমায়েরকে দিয়ে শুরু, আলজারি জোসেপকে দিয়ে শেষ। মাঝে সনজিতের শিকার হলেন কিয়াসি কার্টি, জিড গুলি আর শ্যামার স্প্রিঞ্জারও। সব মিলিয়ে ১০ ওভারে ২১ রানে ৫ উইকেট। ৮২ রানের উদ্বোধনী জুটিতে যে ওয়েস্ট ইন্ডিজ যুবদল জয়ের স্বপ্ন দেখছিল, তারাই সনজিতের ঘূর্ণিতে পড়ে অলআউট ২১৯ রানে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাল শেষ এক দিনের ম্যাচটা ১৬ রানে জিতে তিন ম্যাচের সিরিজটাও ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
বল হাতে পরে নায়ক সনজিৎ হলেও শুরুতে বাংলাদেশকে লড়ার মতো রান এনে দিয়েছেন সাইফ হাসান। ব্যাটিংয়ে নেমে একপর্যায়ে ৮৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে পঞ্চম উইকেটে শফিউল হায়াত আর সাইফের ৮৭ রানের জুটিতে সেখান থেকে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শফিউল ৬৯ বলে ৮টি চারে ৬১ রান করে রানআউট হয়ে গেলেও ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন সাইফ। ষষ্ঠ উইকেটে সাঈদ সরকারের সঙ্গে গড়েন আরও ৩০ রানের জুটি যেখানে সাঈদের অবদান মাত্র ৮। শেষ পর্যন্ত ২২৪ মিনিট ব্যাট করে ১৪৭ বলে ১০৭ রান সাইফের, যে ইনিংসটি সাজানো ১১ চার ও ৩টি ছয়ে।
দুর্দান্ত বোলিং সনজিৎকে এনে দিয়েছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। তবে তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ ১৫১ রান করে সিরিজ-সেরা হয়েছেন সাইফ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৩৫/৭ (সাইফ ১০৭*, শফিউল ৬১, জাকের ২৪; কালিচরণ ২/৩০)।
ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯: ৪৯.৫ ওভারে ২১৯/১০ (পোপ ৫৭, কার্টি ৪২; সনজিৎ ৫/২১, সাইদ ১/৩৬, আরিফুল ১/৩৩)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৬ রানে জয়ী।
সিরিজ: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩-০ ব্যবধানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সনজিৎ সাহা।
ম্যান অব দ্য সিরিজ: সাইফ হাসান।