সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত ইরাঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডারহাম টেস্টের পরেই অভিযুক্ত ইরাঙ্গা। মেইল অনলাইন।
ডারহাম টেস্টের পরেই অভিযুক্ত ইরাঙ্গা। মেইল অনলাইন।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টেই অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে শ্রীলঙ্কাকে। চোটের জন্য ছিটকে গেছেন দুই পেসার ধাম্মিকা প্রসাদ ও দুষমন্ত চামিরা।

এবার আরও একটা ধাক্কা খেল শ্রীলঙ্কা, সন্দেহজনক অ্যাকশনের জন্য অভিযুক্ত হয়েছেন পেসার শামিন্ডা ইরাঙ্গা। চেস্টার-লি-স্ট্রিটে দ্বিতীয় টেস্টের পরেই আম্পায়াররা তাঁদের সন্দেহের কথা জানিয়েছেন।

আইসিসির নিয়ম অনুযায়ী আগামী ১৪ দিনের মধ্যে অ্যাকশনের জন্য পরীক্ষা দিতে হবে ইরাঙ্গাকে। ইংল্যান্ডের লফবরোতেই এই পরীক্ষা দিতে পারবেন ২৯ বছর বয়সী পেসার। সেটির ফল না আসা পর্যন্ত খেলতে বাধা নেই তাঁর। ৯ জুন থেকে লর্ডস টেস্টে খেলার সম্ভাবনা তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে অ্যাকশন অবৈধ প্রমাণিত হলে সেটি শুধরে না আসা পর্যন্ত খেলতে পারবেন না।

সেই ২০১১ সালে অভিষেকের পর ১৮টি টেস্ট খেলেছেন। ক্যারিয়ারে এই প্রথম সন্দেহজনক অ্যাকশনের জন্য অভিযুক্ত হলেন। চেস্টার-লি-স্ট্রিট টেস্টে নিজেকে হারিয়ে খুঁজেছিলেন। প্রথম ইনিংসে ১০০ রান দিয়ে কোনো উইকেট পাননি, দ্বিতীয় ইনিংসে মাত্র ১ ওভার বল করার সুযোগ পেয়েছেন। প্রথম দুই টেস্টেই উইকেট পেয়েছেন ওই একটিই।