সন্দেহের তালিকায় আবারও নারাইনের বোলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্দেহজনক বোলিং অ্যাকশনে অভিযুক্ত সুনীল নারাইন। ফাইল ছবি
সন্দেহজনক বোলিং অ্যাকশনে অভিযুক্ত সুনীল নারাইন। ফাইল ছবি

২০১১ সালে ক্যারিবীয় টি-টোয়েন্টি লিগে খেলার সময়ই সুনীল নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল। পার্থে বায়োমেকানিক্যাল পরীক্ষার পর তাই সেই অ্যাকশন একটু বদলেও ফেলতে হয় তাঁকে । কিন্তু অ্যাকশন পরিবর্তনে তাঁর বোলিংয়ের ধার কিন্তু কমেনি এতটুকু। বরং দিন দিন আরও শাণিত হয়ে উঠছিলেন তিনি। বর্তমান ক্রিকেট-দুনিয়ার অন্যতম সেরা অফব্রেক বোলার হিসেবেও অভিহিত হওয়া শুরু করেছিলেন। সেই নারাইনের পরিবর্তিত বোলিং অ্যাকশনও এখন প্রশ্নের সম্মুখীন।
ভারতে অনুষ্ঠানরত চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকান ফ্র্যাঞ্চাইজি ডলফিনের বিপক্ষে ম্যাচে নারাইনের অ্যাকশন নিয়ে সন্দেহ পোষণ করেন আম্পায়াররা। তাঁর জোরের সঙ্গে করা বলগুলোই নাকি তাঁদের কাছে বেশি সন্দেহজনক মনে হয়েছে। চ্যাম্পিয়নস লিগের নিয়মানুযায়ী নারাইনকে এখন নিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের ‘বোলিং অ্যাকশন-সংক্রান্ত কমিটি’র ছাড়পত্র। সন্দেহের তালিকায় থাকলেও চ্যাম্পিয়নস লিগে খেলা চালিয়ে যেতে পারবেন এই ক্যারিবীয় বোলার।
নারাইনকে ধরা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের তুরুপের তাস। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলেরও অন্যতম সেরা অস্ত্র তিনি। গত তিন মৌসুমে দুবার কলকাতাকে আইপিএল চ্যাম্পিয়ন করার নেপথ্যে অন্যতম কারিগর এ ক্যারিবিয়ান স্পিনার। চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ১১ উইকেট নিয়ে শীর্ষ উইকেট সংগ্রাহকের তালিকাতেও আছেন তিনি। সূত্র: পিটিআই