সফর না হওয়ায় মার্শও হতাশ
সম্ভাব্য নিরাপত্তাঝুঁকিতে বাংলাদেশ সফরে আসেনি অস্ট্রেলিয়া। সিরিজ স্থগিত হয়ে যাওয়ায় বাংলাদেশ হতাশ, হতাশা ব্যক্ত করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথও। হতাশার প্রতিধ্বনি এবার অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক রডনি মার্শের কণ্ঠেও।
সিরিজটা অনাকাঙ্ক্ষিতভাবে স্থগিত না হলেই খুশি হতেন মার্শ, ‘আমার দুই দলের খেলোয়াড়দের জন্যই খারাপ লাগছে। আমি নিশ্চিত দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা হতো।’ তবে এই হতাশার মধ্যে একটি বাস্তব উপলব্ধিও আছে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যানের, ‘এটা খুবই দুঃখের যে আমরা সেখানে যেতে পারলাম না। কিন্তু সরকার যেটা বলে আপনি সেই সিদ্ধান্তের বাইরে যেতে পারবেন না। ওরাই তো নিয়ম তৈরি করে।’
সর্বশেষ অ্যাশেজ শেষে অবসর নিয়েছেন মাইকেল ক্লার্ক, ক্রিস রজার্স, শেন ওয়াটসন ও ব্র্যাড হাডিন। চোটের কারণে বাংলাদেশ সফরের ঘোষিত দলে ছিলেন না ডেভিড ওয়ার্নার, বিশ্রাম দেওয়া হয়েছিল মিচেল জনসন ও জস হ্যাজলউডকে। বাংলাদেশ সফরের দলে তাই ডাক পেয়েছিলেন বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়। তাঁদের জন্য এই সিরিজটা হতে পারত নিজেদের প্রমাণের একটা ভালো সুযোগ। দেশের মাটিতে অস্ট্রেলিয়া পরবর্তী সিরিজে প্রতিবেশী নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। কিন্তু বাংলাদেশ সফরের ঘোষিত দলে যাঁরা ডাক পেয়েছিলেন, তাঁরাই যে নিউজিল্যান্ড সিরিজের দলে থাকবেন, সেই নিশ্চয়তা দিচ্ছেন না নির্বাচক রড মার্শ, ‘লড়াইটা এখন আবার সবার মধ্যে উন্মুক্ত। ওই সময়ের জন্য আমরা সম্ভাব্য সেরা দলটা বেছে নিয়েছিলাম। কারণ তখন আমাদের জনসন ও হ্যাজলউডকে বিশ্রাম দিতে হয়েছিল।’
নিউজিল্যান্ড সিরিজে জনসন ও হ্যাজলউড ফিরবেন বলেই ধরে নেওয়া যায়। চোট কাটিয়ে উঠতে পারলে দলে থাকবেন ওয়ার্নারও। স্বভাবতই বাংলাদেশ সফরের ঘোষিত দলে ছিলেন, এমন অনেকে তখন থাকবেন না নিউজিল্যান্ড সিরিজের দলে। তাঁদের জন্য সমবেদনাই জানিয়েছেন মার্শ, ‘বাংলাদেশের সঙ্গে সিরিজটা হলে অনেকেই যেত, হয়তো অস্ট্রেলিয়ার হয়ে টেস্টও খেলা হতো। তাদের জন্য আমার সহমর্মিতা।’ সিডনি মর্নিং হেরাল্ড।