সফর নিয়ে আশাবাদী ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই সংশয়ের আবর্তে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর। অস্ট্রেলিয়া সরকারের একটি সতর্কবার্তাতেই ধোঁয়াশা সৃষ্টি হয়েছে সফর নিয়ে। সফর বাতিল হয়নি, তবে পিছিয়ে গেছে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ আগমন। সিরিজ আদৌ হবে কি না, তা নিয়েও সংশয় জেগেছে। দু্ই দেশের সরকার, ক্রিকেট বোর্ড ও নিরাপত্তা সংস্থাগুলোর সিদ্ধান্তের ওপরেই নির্ভর করছে সব। তবে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা কিন্তু বাংলাদেশে আসার জন্য উন্মুখ হয়ে আছেন। অস্ট্রেলিয়ার সদ্য সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কের ধারণা অন্তত তা-ই।

বাংলাদেশে অস্ট্রেলিয়া
বাংলাদেশে অস্ট্রেলিয়া

নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠার পরও অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা বাংলাদেশে সফর আসতে চান কি না, এমন প্রশ্নের জবাবে ‘হ্যাঁ সূচক’ উত্তরই দিয়েছেন ক্লার্ক, ‘আমি নিশ্চিত, তারা সফরে যেতে চায়।’
তবে বিষয়টি যে আর খেলোয়াড়দের হাতে নেই, সেটাও জানিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক, ‘অনেক সময়ই এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা খেলোয়াড়েরা নিরাপত্তা বিশেষজ্ঞদের ওপরেই ছেড়ে দেয়। এটা এমন এক সময় যখন আপনাকে ডিএফএটি (অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক অধিদপ্তর), সিএ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মেনে চলতে হয়।’
ক্লার্ক মনে করেন, বাংলাদেশের বিমানে ওঠাটা কয়েক দিনের জন্য পিছিয়ে গেলেও সফরে কোনো ব্যাঘাত ঘটবে না। তবে বিলম্বটা এক বা দুই সপ্তাহ হয়ে গেলে সফর বাতিল হয়েও যেতে পারে।
ক্লার্ক অবশ্য চান না যে সফরটা বাতিল হোক। নিজের অভিজ্ঞতা থেকেই ক্লার্ক মনে করেন, ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই সব দলকে পৃথিবীর সব দেশে সব পরিবেশে খেলা উচিত। কখনোই পাকিস্তানে খেলেননি—এই আক্ষেপটা নাকি চিরকালই সঙ্গী থাকবে ক্লার্কের। ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলা পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এক নিষিদ্ধ ভূমিতে পরিণত করেছে। তবে ক্লার্ক জানেন, ‘একদিন পৃথিবীর সব দেশেই আবার আন্তর্জাতিক ক্রিকেট হবে।’
২০০৬ সালে বাংলাদেশে অস্ট্রেলিয়ার প্রথম পূর্ণাঙ্গ সফরের দলে ছিলেন ক্লার্ক। ২০১১ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা অস্ট্রেলিয়া খেলেছিল ক্লার্কের নেতৃত্বেই। ক্রিকেট অস্ট্রেলিয়া।