সফরের খরচ ইংল্যান্ডের কাছে চাইছে ভারত!

অতিথির খরচ বহন করার কথা তো গৃহকর্তারই। কিন্তু গৃহকর্তা যদি অনুরোধ জানায়, আপনার খরচ আপনিই বহন করুন! এমনই এক অদ্ভুত আবেদন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে (ইসিবি) করেছে ভারত!
বাংলাদেশে সিরিজ শেষে পাঁচ টেস্টের সিরিজ খেলতে ভারত সফরে গেছে ইংল্যান্ড। কিন্তু সেখানে তাদের যাবতীয় খরচ ইসিবিকে বহন করার অনুরোধ করছে বিসিসিআই। গতকাল বিসিসিআই সেক্রেটারি অজয় শিরকে নিজেই চিঠি লিখে ইসিবিকে এই অনুরোধ করেছেন।
তা কারণটা কী? লোধা কমিটির নির্দেশ! ভারতীয় বোর্ডে স্বচ্ছতা ও জবাবদিহি আনতে কিছু সুপারিশ করেছে সুপ্রিম কোর্ট নিয়োজিত এই কমিটি, যেগুলোকে ভারতের উচ্চ আদালত পরে নির্দেশনা হিসেবে জারি করেছেন। বিসিসিআইয়ে অনেক সংশোধনের নির্দেশও দিয়েছেন আদালত। লোধা কমিটির অনুমতি ছাড়া আপাতত বাইরের কোনো বোর্ডের সঙ্গে সমঝোতার চুক্তিতে যেতে পারছে না বিসিসিআই। এ জন্যই এই সিরিজের যাবতীয় হিসেব নিয়ে ইসিবির সঙ্গে কোনো চুক্তি করতে পারেনি তারা।
ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্র অনুযায়ী, ইসিবি সেক্রেটারি পিল নিলকে লেখা চিঠিতে শিরকে লিখেছেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, বিসিসিআই এই মুহূর্তে ইসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে কোনো সমঝোতা চুক্তিতে যাওয়ার মতো অবস্থায় নেই। কোনো চুক্তিতে যাওয়ার ব্যাপারে বিধিনিষেধ দিয়ে বিসিসিআইয়ের ওপর আদালত একটি আদেশ জারি করেছেন।’
এ কারণেই ইংল্যান্ডের ভারত সফরের খরচ বহন করতে বিশ্বের সবচেয়ে ধনী বোর্ডটির হাত–পা বাঁধা বলছেন শিরকে, ‘কিছু কিছু সৌজন্য যেমন হোটেল, ভ্রমণ ও অন্যান্য আরও অনেক ব্যাপার, যেগুলো ভারতে পা রাখার পরই আপনাদের দলকে দেওয়া হচ্ছে। কিন্তু যতক্ষণ না কোনো সমঝোতা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিসিসিআই এসব খরচ আর বহন করতে পারছে না। তাই এসব খরচ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে আহ্বান জানাচ্ছি। লোধা কমিটির পরবর্তী নির্দেশনা পাওয়ামাত্রই বিসিসিআই আপনাদের জানাবে। এর আগ পর্যন্ত আপনারা যে অসুবিধার মুখে পড়ছেন, তার জন্য বিসিসিআই দুঃখিত।’
বিসিসিআই অবশ্য চুক্তি করার জন্য অনুমতি চেয়ে লোধা কমিটির কাছে চিঠি পাঠিয়েছিল। নির্দেশনা মেনে অস্বাক্ষরিত একটি চুক্তি মেইলও করেছিল কমিটিকে। কিন্তু ক্রিকইনফোর প্রতিবেদন, লোধা কমিটি যা যা দেখতে চেয়েছিল, বিসিসিআইয়ের মেইলে সেগুলোর সবকিছুর উত্তর ছিল না।
এর আগে নিউজিল্যান্ডের ভারত সফরের সময়ও বিসিসিআই জানিয়েছিল, তাদের আর্থিক লেনদেনের ওপর লোধা কমিশনের নিষেধাজ্ঞার কারণে সিরিজের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। অবশ্য শেষ পর্যন্ত ভালোয় ভালোয় শেষ হয়েছে ওই সিরিজ। সূত্র : ক্রিকইনফো।