সফল হতে গেলে কিছুটা হোঁচটও খেতে হয়

আর্ন্তজাতিক ক্রিকেটে তাঁর শুরুটা ঠিক মন ভরায়নি। কেউ আগবাড়িয়ে যদি বলেন, দুঃস্বপ্নের মতো শুরু, বলতেও পারেন। একেকটাই ডেলিভারিতে সাইফউদ্দিন বুঝেছেন, ছোট্ট একটা পুকুর থেকে এ যে উত্তাল সমুদ্রে এসে পড়েছেন! ঘরোয়া কিংবা বয়সভিত্তিক ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেটের মাঝখানে যে দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাপার!
বয়সভিত্তিক ক্রিকেটে যে কয়েকজন উঠতি ক্রিকেটারের ওপরে অনেক আগে থেকে নজর ছিল, সাইফ তাদের একজন। পেস বোলিং অলরাউন্ডার যেকোনো দেশের জন্যই সোনার ডিম পাড়া এক হংস। সাইফকে নিয়ে প্রত্যাশা বেশি ছিল বলেই হয়তো তিনিও অঙ্ক মেলাতে পারছিলেন না।
এই সিরিজে নিজেকে আলাদা করে মেলে ধরলেন। গত ম্যাচে দলের দুঃসময়ে শক্ত হাতে ব্যাটটা না ধরলে বাংলাদেশের ইনিংসের চেহারা অন্য রকম হতো। আটে ব্যাট করতে নেমে ফিফটি করলেন, ইমরুলের সঙ্গে দারুণ এক জুটিও। সঙ্গে বোলিংটাও হয়েছে দারুণ। উইকেট না পেলেও ৭ ওভার বল করে দিয়েছিলেন মাত্র ২৯ রান। তবে ব্যাটিংয়ের কারণে বোলিংটা সেভাবে চোখে পড়েনি অনেকের।
আজ চোখে পড়ার কাজটা ভালোভাবেই করলেন সাইফ। শুরু আর শেষে দুই জায়গায় এত ভালো বোলিং করলেন, নিজের ৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথম অধিনায়কের আস্থা পেলে পুরো ১০ ওভার বোলিং করার। ৪৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরাও হলেন। ক্যারিয়ারের প্রথম ম্যাচ সেরা। আন্তর্জাতিক ক্রিকেটের ক্যারিয়ার সেরা বোলিংও।
সাইফ এই বদলে যাওয়ার গল্প বললেন। জানালেন, শুরুতে ব্যর্থ হলেও আস্থা হারাননি নিজের ওপর। কারণ তিনি জানতেন সফলতার একটা সূত্র আছে। সফল হতে গেলে যে ব্যর্থ হতে হয়!
বয়সে একেবারেই নবীন এই পেসার আজ যখন সংবাদ সম্মেলনে এই সরল দর্শনের কথা বলছিলেন, হুট করে যেন বয়স বেড়ে গিয়েছিল তাঁর। সাইফ বলছিলেন, ‘সফল হতে গেলে কিছুটা হোঁচট খেতে হয়। আমি একটা কথা সব সময় বিশ্বাস করি, আমার মাও বলত, একটা ছোট শিশু যখন হাঁটতে শেষে, বারবার হোঁচট খেয়ে পড়ে যায়। তাই বলে কি সে হাঁটা বন্ধ করে দেয়? আমারও একই বিশ্বাস। বোলিংয়ে মার খাব, ওখান থেকে শিখব।’
আজ বিশেষ করে নজর কেড়েছে তাঁর শেষ ওভারের বোলিং। মূলত সাইফ ও মোস্তাফিজের মাপা বোলিংয়েই জিম্বাবুয়ে ২৫০-এর নিচে আটকে গেল। অথচ এর আগে দেখা গেছে, ব্যাটসম্যান চড়াও হলে লাইন-লেংথ হারাতে শুরু করেন সাইফ। এই বদলের গল্পটাও শোনালেন, ‘প্রতিদিনই কাজ করতে হয়। বিশেষভাবে কাজ করেছি মানসিকভাবে কীভাবে প্রস্তুত নিতে হয়। কীভাবে সামলাতে হয়। সিনিয়র খেলোয়াড়েরা আছেন। তাঁদের কাছ থেকে পরামর্শ নিয়েছি। কীভাবে আন্তর্জাতিক ম্যাচের চাপ সামলাতে হয় জেনেছি। এর আগে বোলিংয়ে বেশ খরুচে ছিলাম, আগের আন্তর্জাতিক ম্যাচগুলোতে। মাত্রই একটা ম্যাচ ভালো গেল, সামনে আরও ম্যাচ আছে। সেগুলোতেও এমন পারফরম্যান্স ধরে রাখার চেষ্টা করব।’
শুধু সিনিয়র নয়, বয়সভিত্তিক ক্রিকেটের সাবেক সতীর্থরাও সাহায্য করেছে সাইফকে। সে কথাও বললেন, 'এমন না যে, আমি গত এক দুই বছরে ডেথ ওভারের বোলিং করছি। বয়সভিত্তিক ক্রিকেটে, মিরাজ যখন অধিনায়ক ছিল, তখনো ডেথ ওভারে বোলিং করতাম। সেদিক দিয়ে আমার অভিজ্ঞতা আছে। হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমে সেভাবে নিজেকে মেলে ধরতে পারিনি। তবে মিরাজ, মোস্তাফিজ এদের সঙ্গে সব সময়ই আমার কথা হয়। মোস্তাফিজ যেমন এরই মধ্যে অনেক অভিজ্ঞ বোলার হয়ে উঠেছে, ওর সঙ্গে কথা বলেছি। কীভাবে বল করলে সফল হব। সেটাই আজকে ঠিকভাবে করতে পেরেছি বলে শেষের ওভারে ভালো করতে পেরেছি। এখানকার উইকেটটা ব্যাটিং সহায়ক। শেষ ৫ ওভারে মিরপুরেও আমরা বেশি রান দিয়ে ফেলেছি। আমাদের একটা লক্ষ্য ছিল ওদের ২৫০-এর নিচে আটকে ফেলার। মোস্তাফিজ ছিল একদিকে, আমরা সবাই জানি ডেথ ওভারে ও কত ভালো বোলিং করে। আমার কাজ ছিল অন্য দিক থেকে ওকে সঙ্গ দেওয়া। আমি আমার কাজটা করেছি। ওভারে ৭ রানের বেশি যেন না দেই, এই লক্ষ্য ছিল।'