সব করলেন ম্যাককালাম, নাম নাহিদের

১৬.৪ ওভারে রুবেল হোসেনকে লং অন ও মিড উইকেটের মাঝ দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ। শটটা ভালোই খেলেছিলেন খুলনা টাইটানস অধিনায়ক। কিন্তু লং অন থেকে চিতার ক্ষিপ্রতায় ছুটে এলেন ব্রেন্ডন ম্যাককালাম।

সীমানা প্রায় ছুঁয়েই ফেলছিলেন, তখনই ক্যাচটা ডান হাতে ধরে ফেললেন ম্যাককালাম! কিন্তু শরীরের ভারসাম্য ধরে রাখা রংপুর রাইডার্সের এ কিউই তারকার কঠিন ছিল। নিরুপায় ম্যাককালাম বল ছুড়ে দিলেন ডিপ মিড উইকেট থেকে ছুটে আসা নাহিদুল ইসলামকে। দুর্দান্ত এক ক্যাচ হয়ে ৫৯ রানে ফিরলেন মাহমুদউল্লাহ।
চোখধাঁধানো এই ক্যাচের ৯০ শতাংশ কৃতিত্ব ম্যাককালামের হলেও স্কোরকার্ডে লেখা থাকবে না তাঁর নাম! ক্যাচটা শেষ পর্যন্ত তালুবন্দী করেছেন নাহিদুল—মাহমুদউল্লাহর ক্যাচটা লেখা থাকবে তাঁর নামেই।

এবার বিপিএলে সহজ ক্যাচ হাতছাড়ার ঘটনা কম নয়। তবে তার চেয়ে বেশি দেখা যাচ্ছে দুর্দান্ত সব ক্যাচ। এরই একটি আজ দেখা গেল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা-রংপুর ম্যাচে।