সব ক্রিকেটেই ইংল্যান্ড-সেরা রুট!

ঠিক কীভাবে বর্ণনা করা যায় ইংল্যান্ডের জয়টাকে? টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জো রুটের ইনিংসটিকেই বা কীভাবে বিশেষায়িত করবেন? শুধু এটুকুই বলা যায়, এই ইনিংস চোখে লেগে থাকবে অনেক দিন। একটা ঘোরলাগা অনুভূতিও থাকবে দীর্ঘ সময়।
সারা বিশ্বেই এখন রুটের নায়কোচিত পারফরম্যান্সের সংকীর্তন। ব্রায়ান লারার চোখে ইনিংসটি তাঁর দেখা সেরা টি-টোয়েন্টি ইনিংসের একটি। দক্ষিণ আফ্রিকার ২২৯ রানের পাহাড় টপকে জয়ের পর ইংল্যান্ড অধিনায়ক মরগান রুটকে ‘ইংল্যান্ডের সবচেয়ে সম্পূর্ণ ব্যাটসম্যান’ বলেছেন। তবে নাসের হুসেইনের প্রশংসার কাছে এসব কিছুই নয়। সাবেক ইংলিশ অধিনায়ক তো রুটকে বলে দিয়েছেন ‘ইংল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটসম্যান’।
আবেগের বাড়াবাড়ি মনে হতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান তাড়ার রেকর্ড গড়া এই জয়ে ইংল্যান্ডের সবারই অবদান ছিল, তবে নায়ক রুটই। ২৫ বছর বয়সী ব্যাটসম্যানের ৪৪ বলে ৮৩ রানের ইনিংসটাই তো ভাগ্যনির্ধারক। এটিই হুসেইনকে বলতে বাধ্য করেছে, ‘সব সংস্করণে সে-ই ইংল্যান্ডের এ পর্যন্ত সেরা ব্যাটসম্যান। আমি জানি, এটা অনেক বড় একটা কথা, কিন্তু ওর মতো খেলতে পারবে এমন একজনকে দেখান তো?’
নিজের মন্তব্যের পক্ষে যুক্তিও তুলে ধরেছেন হুসেইন। দুই বছর আগে অভিষেক হওয়ার পর থেকে টেস্ট-ওয়ানডেতে রানের বান ছুটিয়ে চললেও টি-টোয়েন্টি দলে রুটের জায়গা ছিল প্রশ্নবিদ্ধ। এই ম্যাচের পর হুসেইনও টেনে আনলেন সেই প্রসঙ্গ, ‘মানুষ একসময় টি-টোয়েন্টিতে ওর জায়গা নিয়ে প্রশ্ন তুলেছিল। অথচ যাঁকে আমরা টি-টোয়েন্টির কিংবদন্তি মানি, সেই জস বাটলারের স্ট্রাইক রেট কিন্তু রুটের সমান।’
পরশু রুটের ১৮৮.৬৩ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ৪ ছক্কায়, ডট ছিল মাত্র চারটি বল। পরিমিত আগ্রাসনের এই বোধই হুসেইনকে বেশি মুগ্ধ করেছে, ‘বাটলার যখন পেটায় সেটা তো চোখে পড়ে। কিন্তু রুট ২০ বলে ৪০ করে ফেললেও আপনি বুঝতে পারবেন না, ওর ধরনই এমন।’
ইংল্যান্ড এখন নিশ্চয়ই চাইবে না ধরনটা বদলে ফেলুন রুট। সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়েবসাইট।