সব ছাপিয়ে তাঁর অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোলাহল থেমে গেছে। দারুণ তৃপ্তির এক জয়ের সাক্ষী হয়ে ঘরে ফিরে গেছেন শ্রীলঙ্কান সমর্থকেরা। কাল গভীর রাতে সাংবাদিকদের কাছে এসে ম্যাচের সেরা কুশল পেরেরা এসে জানিয়ে গেলেন, ম্যাচটি তিনি শেষ করেই আসতে চেয়েছিলেন। অল্পের জন্য পারেননি। তবে দুটি চোট থেকে ফিরে এসে দলের জয়ে অবদান রাখতে পেরে তিনি খুশি। পেরেরা যা-ই বলুন, বাংলাদেশের সাংবাদিকদের সেদিকে বিশেষ আগ্রহ ছিল না। সবার কৌতূহল ছিল কখন আসবেন মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি এলেন। আর কোথায় ম্যাচ? সব ছাপিয়ে বড় হয়ে উঠল একেবারেই আকস্মিকভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে মাশরাফির বিদায় বলে দেওয়া।
মাশরাফির দাবি, খুব বড় কিছু ভেবেচিন্তে অবসরের সিদ্ধান্ত তিনি নেননি। তাঁর হুট করেই মনে হলো, অবসর নেব। ব্যস, টস হওয়ার সময় জানিয়ে দিলেন, এটাই তাঁর শেষ টি-টোয়েন্টি সিরিজ।
প্রথমে জানিয়েছেন মাকে। তারপর বাবাকে। অবসরের সিদ্ধান্ত জানা তৃতীয়জন হলেন তাঁর স্ত্রী। আর এরপর জেনেছেন তাঁর বন্ধুরা, যে বন্ধুদের দলে তাঁর ছোট ভাইও আছেন! মাঠে আসার আগে হোটেল থেকে জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসানকে। তাঁকে একটু আগেই জানিয়েছেন; কেননা, বোর্ড তাঁকে এই সংস্করণের ক্রিকেটেরও অধিনায়ক করে দেখিয়েছে সম্মান।
অবসরের পেছনে মাশরাফির ক্রিকেটীয় কারণ, ‘তরুণদের জন্য জায়গা ছেড়ে দেওয়া। এই যে দেখেন আজ সাইফের অভিষেক হলো। সে ভালো বোলার। আমি না থাকলে সে অনেকটা নির্ভার হয়ে খেলতে পারবে।’ তবে অন্যদের সুযোগ করে দেওয়া প্রসঙ্গে প্রথমেই তাঁর দুঃখ ঝরেছে রুবেল হোসেনের জন্য, ‘দেখুন, শেষ দুটি (আসলে তিনটি) টি-টোয়েন্টি ম্যাচে রুবেল ৭ উইকেট নিয়েছে। অথচ তার জায়গা হলো না একাদশে। তাকে ফিরে যেতে হলো দেশে। এটা আমাকে একটু আহত করেছে। আমার জন্যই তার জায়গা হলো না।’

মাশরাফি বিন মুর্তজা
মাশরাফি বিন মুর্তজা

ক্রিকেটের ছোট্ট সংস্করণটিতে খুব দ্রুত এবং ত্বরিত সিদ্ধান্ত নিতে হয়, যেটির সঙ্গে খাপ খাইয়ে আর চলতে পারছিলেন না মাশরাফি। বাংলাদেশের বিদায়ী টি-টোয়েন্টি অধিনায়ক বললেন, ‘আমি আগেও বলেছি, এই সংস্করণ আমি উপভোগ করছিলাম না। পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি। আসলে বোর্ড আমাকে অধিনায়ক হিসেবে চেয়েছিল বলেই আমি চালিয়ে গেছি। কিন্তু আমার পায়ের যে অবস্থা, শরীরের যে অবস্থা, তাতে আর পেরে উঠছিলাম না।’
টি-টোয়েন্টি হুট করেই ছেড়ে দিলেন। তাহলে কি মাশরাফি ওয়ানডেকেও সহসা বিদায় বলার প্রস্তুতি নিচ্ছেন? তাঁর উত্তর, ‘না, ওয়ানডে নিয়ে এখনো ভাবিনি। ওয়ানডে আমি এখনো উপভোগ করি। ওয়ানডে থেকে অবসর নেওয়ার সময় হলে আগেই জানিয়ে দেব।’
তাহলে কি ওয়ানডেতে বেশি মনঃসংযোগ করার জন্যই তাঁর টি-টোয়েন্টি ছেড়ে দেওয়া? এখানেও মাশরাফির উত্তর না-সূচক।
বাংলাদেশে কোনো কিছুই খুব মসৃণ কিংবা সরলভাবে ভাবা যায় না। পেছনে অন্য কোনো কার্যকারণ থাকতেই পারে। প্রশ্ন উঠল, তাহলে কি বোর্ডের দিক থেকে কোনো রকম চাপ ছিল? প্রশ্নকর্তার দিকে একটু গভীর দৃষ্টি ফেললেন মাশরাফি, ‘টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি, অধিনায়কত্ব করেছি দেশের। এটা অনেক সম্মানের। আমি এমন কোনো কথা এই মুহূর্তে বলতে চাই না, যাতে কোনো বিতর্ক তৈরি হয়।’
ক্যারিয়ারে বাকি থাকল আর আগামীকালের টি-টোয়েন্টি ম্যাচটি। এ ম্যাচেও তিনিই অধিনায়ক। এরপর কে অধিনায়ক হবেন? সাকিব আল হাসান? মাশরাফি জানেন না কে হবেন, তবে আগামীর টি-টোয়েন্টি অধিনায়কের জন্য শুভকামনাই জানিয়েছেন অন্তর থেকে।