
এমনিতেই পাকিস্তান ক্রিকেটে সুখবর নেই অনেক দিন। দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট নেই। মাঠের ক্রিকেটে পারফরম্যান্স নেই। ক্রিকেট প্রশাসন দেশের রাজনীতির চেয়েও অস্থির। এর মধ্যেই আরেকটি বড় ধাক্কা। শুধু ধাক্কা নয়, বলা যায় বজ্রপাত। গত কয়েক বছরে দলের সবচেয়ে বড় অস্ত্রকেও হারাতে হচ্ছে আপাতত। অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে সাঈদ আজমলকে নিষিদ্ধ করেছে আইসিসি। সেটিও নির্দিষ্ট কোনো বল করার সময় সমস্যার কারণে নয়, বায়োমেকানিক্যাল পরীক্ষায় সমস্যা ধরা পড়েছে আজমলের সব ধরনের বলেই গ্রহণযোগ্য ১৫ ডিগ্রির চেয়ে বেশি বেঁকে যায় তাঁর হাত।
পাকিস্তানের শ্রীলঙ্কা সফরে গল টেস্টে সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য গত ১১ আগস্ট অভিযুক্ত হন আজমল। গত ২৫ আগস্ট ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে তাঁর বোলিং অ্যাকশন পরীক্ষা করা হয়। গলে আজমলের ৩০ থেকে ৩৫টি বল নিয়ে সন্দেহ ছিল আম্পায়ারদের। যার মধ্যে দুসরা তো বটেই, ছিল প্রথাগত অফ ব্রেকও। ২০০৯ সালের এপ্রিলেও সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছিলেন আজমল। তবে সেবার সন্দেহ ছিল শুধু দুসরা নিয়ে। সেবার উতরে গিয়েছিলেন বোলিং অ্যাকশন পরীক্ষায়।
নিয়ম অনুযায়ী এখন অ্যাকশন শুধরে আবার যখন ইচ্ছে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার আবেদন করতে পারবেন আজমল। উতরে গেলে সঙ্গে সঙ্গেই ফিরতে পারবেন ক্রিকেটে। তবে ১৪ দিনের মধ্যে আপিল করার সুযোগও আছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড বেছে নিচ্ছে এই পথই। আপিল করা হলে আইসিসি মনোনীত ৫ সদস্যের বোলিং রিভিউ গ্রুপ আজমলের বোলিং অ্যাকশন পরীক্ষা করে জানাবে সিদ্ধান্ত। আপিল আবেদনের সিদ্ধান্ত নিজের পক্ষে এলে তখনই আবার ক্রিকেটে ফিরতে পারবেন আজমল।
তবে আপিল করার একটা বড় ঝুঁকিও আছে। আপিলেও ব্যর্থ হলে একটি নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করা হবে আজমলকে। তখন অ্যাকশন শোধরালেও ওই মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ফিরতে পারবেন না ক্রিকেটে। ঝুঁকিটা মাথায় রেখেও আপিলের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। যেটির পক্ষে বড় যুক্তি থাকবে, এক দুর্ঘটনার কারণে আজমলের কনুই এমনিতেই বাঁকা। আইসিসির সিদ্ধান্তের পর কাল ফয়সালাবাদে সাঈদ আজমল তাই সাংবাদিকদের বলেছেন, ‘আমি উদ্বিগ্ন নই, কারণ আমি বিশ্বাস করি আগামী বিশ্বকাপে খেলতে পারব। তারা এখনো আমার ডাক্তারি রিপোর্ট বিবেচনায় নেয়নি, একবার তা নিলে আমি নিশ্চিত কোনো সমস্যা থাকবে না।’
আজমলের এই আশাবাদ সত্যি হলে মুক্তি মিলবে। কিন্তু তা না হলে? তাহলে হয়তো ক্যারিয়ারের শেষই দেখে ফেলতে হবে মুরালিধরনের পর ক্রিকেটের সেরা অফ স্পিনারকে। বয়স যে এখনই ৩৭ ছুঁই ছুঁই! রয়টার্স, ক্রিকইনফো।