সব পুড়িয়ে দিতে চেয়েছিলেন আজমল

আন্তর্জাতিক ক্যারিয়ারটাই পুড়ে ছাই হয়ে গেছে একরকম। ঘরোয়া ক্রিকেট আর নিজের একাডেমিকে অবলম্বন করে থাকতে চেয়েছিলেন, সেখানেও আরেক বিড়ম্বনা। রাগে-হতাশায় সাঈদ আজমল হুমকিই দিয়ে বসেছিলেন, নিজের সব ক্রিকেট সরঞ্জাম সব জ্বালিয়ে-পুড়িয়ে দেবেন! ভাগ্য ভালো, জ্বালাও-পোড়াওয়ে শেষ পর্যন্ত যেতে হয়নি পাকিস্তানের এই স্পিনারকে।
ঝামেলা বেধেছিল আজমলের ক্রিকেট একাডেমি নিয়ে। ফয়সলাবাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই বছর আগে এই একাডেমি বানান আজমল। কিন্তু ‘নিরাপত্তা’র কারণ দেখিয়ে তাঁর নামে বরাদ্দ জমি বাতিল করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিন দিনের মধ্যে একাডেমি থেকে সবকিছু সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়। কারণটা শুনেই বেশি চটেছিলেন আজমল, ‘তারা নিরাপত্তার কারণ দেখিয়ে একাডেমি বন্ধ করেছে। যেন আমি সেখানে ক্রিকেটার নয়, বোমাবাজ তৈরি করছি। এই একাডেমির পেছনে প্রচুর খরচ করেছি। আমার এই একাডেমি টাকা বানানোর জন্য নয়, আমার লক্ষ্য ক্রিকেটার তৈরি করা।’
পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আজমল আসলে চুক্তির শর্ত লঙ্ঘন করছেন। একাডেমিটিকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করবেন না, এটাই ছিল শর্ত। খেপে গিয়ে তখন আজমল হুমকি দেন, পাকিস্তানের জন্য এত কিছু করেছেন, বিনিময়ে এই কি প্রাপ্য! তিনি তাঁর সব ক্রীড়া সরঞ্জামে আগুন ধরিয়ে দেবেন। বিষয়টি নিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যমে বেশ আলোচনা হলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ হস্তক্ষেপ করেন। শাহবাজের মধ্যস্থতায় বিষয়টি সমাধান করা হয়েছে।
ঠিক হয়েছে, একাডেমি একাডেমির জায়গাতেই থাকবে। আর একাডেমির আর্থিক ও অন্যান্য বিষয় দেখভাল করার জন্য গঠন করা হবে ব্যবস্থাপনা কমিটি। আজমলও এই ব্যবস্থায় খুশি। পিটিআই।