সব ভুলে বিশ্বকাপে মনোযোগ রুবেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখন বিশ্বকাপেই দৃষ্টি রুবেলের, শেরেবাংলা স্টেডিয়ামে প্রস্তুতির সময়। ছবি: শামসুল হক
এখন বিশ্বকাপেই দৃষ্টি রুবেলের, শেরেবাংলা স্টেডিয়ামে প্রস্তুতির সময়। ছবি: শামসুল হক

বিশ্বকাপ দল ঘোষণার আগেই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় আলোচনায় এলেন রুবেল হোসেন। ঘটনা থানা-পুলিশ-আদালত হয়ে গড়াল কারাবাস অবধি। ঘটনার জের ধরে দুদিন হাজতেও থাকতে হয়েছে জাতীয় দলের এই পেসারকে। বিশ্বকাপ খেলতে পারবেন কি না, তা নিয়েও ছিল সংশয়। আপাতত শঙ্কা কেটেছে। সব ভুলে রুবেলের মাথায় এখন কেবলই বিশ্বকাপ।
ঘরের মাঠে বিশ্বকাপ প্রস্তুতির শুরুর দিন থেকেই রুবেলে আগ্রহ ছিল সাংবাদিকদের। তবে গত দুই সপ্তাহে একবারের জন্যও সাংবাদিকদের মুখোমুখি হননি জাতীয় দলের এ পেসার। প্রস্তুতির শেষ দিনে আজ রুবেল এলেন সংবাদ সম্মেলনে। বললেন, ‘অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাব। অন্য রকম রোমাঞ্চ অনুভব করছি। নিজেকে প্রমাণ করার দারুণ সুযোগ সেখানে। ’
সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সব ঘটনা ভুলে রুবেলের মনোযোগ এখন বিশ্বকাপেই, ‘গত কিছুদিন কঠিন সময় গিয়েছে। সেগুলো নিয়ে এখন ভাবছি না। সামনে বিশ্বকাপ আছে। দলের হয়ে বড় দায়িত্ব পালন করতে হবে। ’
নতুন বলে রুবেলের দুর্বলতা পুরোনো। এ নিয়ে ডানহাতি পেসার কাজ করেছেন গত কয়েক দিন। বললেন, ‘নতুন বলে দুর্বলতা আছে, সেটা নিয়ে কাজ করেছি। এ ছাড়া ইনিংসের শেষ দিকের বোলিং নিয়েও কাজ করেছি। ’
রুবেল কি আসলেই পারবেন দুঃস্বপ্নের সময়গুলোকে পেছনে ফেলতে? উত্তরটা সময়ের হাতেই তোলা থাকল।