সব ম্যাচ হেরে ফিরছেন সালমারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারলেও প্রথম ওয়ানডেতে অন্তত কিছুটা লড়াই করতে পেরেছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। কিন্তু করাচিতে কাল দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানের মেয়েরা সালমা-জাহানারাদের দাঁড়াতেই দেয়নি। স্বাগতিকদের এবারের জয়টা ৬ উইকেটের। সিরিজের দুটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডের সব কটিতেই হেরে আজ দুপুরে দেশে ফেরার কথা মহিলা দলের।
সাউথঅ্যান্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে সফরের শেষ ম্যাচটাই সবচেয়ে বাজে হলো বাংলাদেশের মেয়েদের। আয়েশা রহমান ও শামীমা সুলতানার ২১ রানের উদ্বোধনী জুটির পর মাত্র ৪৬ রানের মধ্যে পড়েছে ৭ উইকেট। দলের ৬৭ রানে সপ্তম ব্যাটার হিসেবে অধিনায়ক সালমা খাতুনের বিদায়ের পর তো মনে হচ্ছিল এক শ রানও হবে না। অষ্টম উইকেটে নিগার সুলতানা ও রিতু মনির ৪৭ রানের জুটিতে অবশ্য তিন অঙ্ক ছাড়িয়েও আরও কিছুটা এগিয়ে নিতে পেরেছে বাংলাদেশকে।
বাংলাদেশকে ১২৩ রানে শেষ করে দেওয়ায় সবচেয়ে বড় কৃতিত্ব পাকিস্তানের বাঁহাতি স্পিনার আনাম আমিনের। ১০ ওভার বল করে ৫টিই নিয়েছেন মেডেন, ৪ উইকেট মাত্র ৭ রানে। এর মধ্যে আয়শা ও জাহানারাকে ফিরিয়েছেন পরপর দুই বলে। ম্যাচ-সেরার পুরস্কারটা স্বাভাবিকভাবেই উঠেছে তাঁর হাতে। অবশ্য ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন মিডিয়াম পেসার আসমাভিয়া ইকবালও। তাতে ব্যাটারদের কাজটা হয়ে গেছে অনেক সহজ। ২০ রানে ওপেনার জাভেরিয়া খানকে হারালেও ১২৪ রানের লক্ষ্যে পৌঁছে গেছে ৩৯তম ওভারেই।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ মহিলা দল: ৫০ ওভারে ১২৩/৯ (আয়েশা ৩৯, শামীমা ৩, ফারজানা ০, লতা ০, রুমানা ২, সালমা ৭, জাহানারা ০, নিগার ৩০*, রিতু ২৮, নাহিদা ১, কুবরা ৪*; আনাম ৪/৭, আসমাভিয়া ৩/২৮)।
পাকিস্তান মহিলা দল: ৩৮.৩ ওভারে ১২৪/৪ (বিসমাহ ৪১, মেরিনা ৩১, নাইন ২২, জাহানারা ০/৩০, নাহিদা ২/২২, সালমা ০/১৭, কুবরা ০/২২, লতা ০/১৫, রিতু ০/৫, রুমানা ১/১৩)।
ফল: পাকিস্তান মহিলা দল ৬ উইকেটে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: আনাম আমিন।