সব ম্যাচে নেই বোল্ট-সাউদি
নিজেদের কন্ডিশনে ট্রেন্ট বোল্ট-টিম সাউদি ভয়ংকর। তবে এই দুই কিউই পেসারকে টানা সামলাতে হবে না বাংলাদেশের ব্যাটসম্যানদের। চাপ কমাতেই বিশ্রাম দিয়ে দুজনকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।
বাংলাদেশ সিরিজের পরই দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলবে নিউজিল্যান্ড। দুই পেসারকে বিশ্রাম দেওয়ার ব্যাখ্যায় নিউজিল্যান্ড কোচ মাইক হেসন বললেন, বাংলাদেশের সঙ্গে টেস্ট ও পরের দুটি সিরিজে বোল্ট-সাউদিকে পুরো পেতে চান তাঁরা, ‘তিন সংস্করণে দলে থাকা খেলোয়াড়দের ভারসাম্য রেখেই খেলাতে হবে, বিশেষ করে বোলারদের। আমরা তাদের চনমনে হওয়ার সুযোগ দিচ্ছি যাতে টেস্টের জন্য ভালোভাবে তৈরি হতে পারে।’
বাংলাদেশের সঙ্গে সিরিজের শেষ ওয়ানডেতে খেলবেন না বোল্ট। ২৭ বছর বয়সী পেসার অন্তত একটি টি-টোয়েন্টি ম্যাচে বিশ্রামে থাকবেন। নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টিতেও বোল্টকে হয়তো দেখা যাবে না। সাউদিকে বিশ্রাম দেওয়া হবে পুরো টি-টোয়েন্টি সিরিজেই।