সব রোমাঞ্চ নিভিয়ে দিল বৃষ্টি

তাসকিন আহমেদের হ্যাটট্রিকটা থেকে যাবে রেকর্ডের পাতায়। থেকে যাবে কুশল মেন্ডিসের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে এই মাঠে শ্রীলঙ্কার দ্বিতীয় তিন শতাধিক রানের ইনিংসটাও। লেখা থাকবে ছোট্ট দুটি শব্দ—‘নো রেজাল্ট’। কিন্তু রেকর্ডের পাতায় এই ছবিটা থাকবে না। ২৮ মার্চ, স্থানীয় সময় রাত ৮টা ৫২ মিনিটে রণগিরি ডাম্বুলা স্টেডিয়াম ঢেকে রাখা আচ্ছাদনের ছবি। আর সেই আচ্ছাদনের ওপর গাল ফুলিয়ে পড়া বৃষ্টির ফোঁটাগুলো।
বাংলাদেশের অধিনায়কদের টস-ভাগ্য বরাবরই মন্দ। সেটিরই ধারাবাহিকতায় কাল দ্বিতীয় ম্যাচেও টস হারলেন মাশরাফি বিন মুর্তজা। আগের ম্যাচে রান তাড়া করতে গিয়ে হেরেছে শ্রীলঙ্কা। জানাই ছিল, টস জিতলে এবার তারা ব্যাটিং নেবে। সেটি তারা নিলও এবং ঘটল আগের ম্যাচের ঘটনাই। বলের ওপর ব্যাটের দাপট।
উইকেটে সামান্য ঘাস ছিল। তারপরও সেটি ব্যাটিংবান্ধব। একটু বেশিই। বোলারদের জন্য ছিল না কিছুই। না পেসারদের জন্য, না স্পিনারদের জন্য। আর সেই সুবিধা নিয়েই শ্রীলঙ্কা গড়ল ৩১১ রানের বড় ইনিংস। গল টেস্টে শ্রীলঙ্কার জয়ের নায়ক কুশল মেন্ডিস করলেন তাঁর প্রথম ওয়ানডে সেঞ্চুরি। অধিনায়ক উপুল থারাঙ্গা তাঁর ২০০তম ওয়ানডেকে স্মরণীয় করে রাখলেন দারুণ একটি ফিফটি করে। মূলত এই দুজনই ছিলেন শ্রীলঙ্কার ইনিংসের চালিকাশক্তি। দ্বিতীয় উইকেটে ২২ ওভারে ১১১ রানের জুটি গড়েছেন থারাঙ্গা-মেন্ডিস। তৃতীয় উইকেটে ১২.১ ওভারে মেন্ডিসের সঙ্গে ৮৩ রানের জুটি গড়েছেন দিনেশ চান্ডিমাল।
যেভাবে এগোচ্ছিল শ্রীলঙ্কা, তাতে একসময় ভয় হচ্ছিল, ৩৫০ না উঠে যায়! কিন্তু শেষ ওভারে তাসকিনের হ্যাটট্রিক আর এর আগে অদ্ভুত দুটি আউটে এর চেয়ে অনেক আগেই থেমে যেতে হলো শ্রীলঙ্কাকে।
বলা যাক তাসকিনের হ্যাটট্রিকটির কথা। ৪৯ ওভারে ৭ উইকেটে ৩০৬ রান নিয়ে শ্রীলঙ্কা ৫০তম ওভারে মুখোমুখি হয়েছিল তাসকিনের। প্রথম দুই বলে দুই ব্যাটসম্যান নুয়ান কুলাসেকারা ও আসেলা গুনারত্নে ৫টি রান তুলেও নিয়েছিলেন। তারপরই জাদু বেরোল তাসকিনের হাত থেকে। তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে পূর্ণ লেন্থের, গুনারত্নে মিড অফের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে সৌম্যর হাতে ক্যাচ। চতুর্থ বলটি ফুল টস, নতুন ব্যাটসম্যান সুরঙ্গা লাকমল মিড উইকেটে দুর্দান্ত ক্যাচ মোস্তাফিজের হাতে। পঞ্চম বল ইয়র্কার, যা ভেঙে দিল নুয়ান প্রদীপের স্টাম্প। বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে ওয়ানডেতে তাসকিনের হ্যাটট্রিক! শেষ পাঁচ ওভারে শেষ ৫টি উইকেট হারিয়ে শ্রীলঙ্কা অলআউট ৩১১ রানে।
মুশফিকের থ্রোতে দুজন রানআউট হওয়ার আগে থারাঙ্গা রানআউট নো-বলে। ডিপ ফাইন লেগ থেকে মাহমুদউল্লাহর সরাসরি থ্রোতে। বোলার ছিলেন মোস্তাফিজ, ইনিংসের ২৫তম ওভারটিতে বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলার রান দিয়েছেন ২০টি। উইকেটে বোলারদের জন্য কিছু ছিল না, তারপরও মনে হয় বাংলাদেশের বোলাররা আগের ম্যাচের মতো নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি বোলিংয়ে। অবশেষে নিয়ন্ত্রিত বোলিং করলেন তাসকিন, বড্ড দেরিতে—শেষ ওভারে। ওই তাসকিনের বলেই অদ্ভুতুড়ে আউট হয়েছেন সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিস। স্লোয়ার বল, তুলে মারতে গিয়ে তাসকিনের ফিরতি ক্যাচের শিকার তিনি। বল তাসকিনের বাঁ কাঁধে লেগে ভেসে থাকে বাতাসে, তাসকিন তাঁর ৪ উইকেটের প্রথমটি পান অনেকটা পেছনে গিয়ে ক্যাচটি হাতে জমিয়ে।
ডাম্বুলাবাসী অনেক দিন ধরেই বৃষ্টির প্রতীক্ষায় ছিলেন। বৃষ্টি নাকি এবার কেবলই দেরি করছিল। কাল ৩৫ ওভারের খেলা চলার সময়েই ইব্বাংকাতুয়া হ্রদের দিক থেকে উড়ে এল মেঘ। শ্রীলঙ্কার ইনিংস শেষ হতেই বৃষ্টি। ঠিক ডিনারের সময়। বৃষ্টি তাহলে ডিনারের নিমন্ত্রণ পেয়ে এসেছিল?
ওই বৃষ্টি একটু থামল ৮টা ২৫ মিনিটে। দুই আম্পায়ার এস রবি ও পাল্লিয়াগুরুগে মাঠ পর্যবেক্ষণ করতেই আবার টিপ টিপ বৃষ্টি। তারপরই খেলা পরিত্যক্ত!
এত রোমাঞ্চ জাগিয়ে ম্যাচের মাঝখানে বৃষ্টি এভাবে ঝাঁপিয়ে না এলে কি পারত না? বাংলাদেশ হয়তো আফসোস নিয়েই ফিরে গেছে হোটেলে। এখানেই হতে পারত সিরিজ জয়ের উৎসব। সেটি এখন পিছিয়ে গেল। সেটি হতে পারে ১ এপ্রিল, কলম্বোর এসএসসি গ্রাউন্ডে, তৃতীয় ও শেষ ম্যাচে। আফসোস অবশ্য শ্রীলঙ্কারও হতে পারে। শ্রীলঙ্কায় কোনো দল এখন পর্যন্ত ৩০০ তাড়া করে জিততে পারেনি। শ্রীলঙ্কা এখন শুধু সিরিজ ড্র-ই করতে পারে। সিরিজ জেতার সুযোগ আছে শুধুই বাংলাদেশের।