সবই তো তামিমের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ড বইয়ের অনেক কিছুই তামিমের দখলে। ছবি: প্রথম আলো
রেকর্ড বইয়ের অনেক কিছুই তামিমের দখলে। ছবি: প্রথম আলো

‘তামিম সেই খেলোয়াড়দের একজন, যে মুডে থাকলে যেকোনো পরিস্থিতিতে দলকে জিতিয়ে দিতে পারে’, কথাটা কার মনে আছে?

বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট লয়ের। গত মাসেই বলেছিলেন, ইংল্যান্ডের বিপক্ষে সেই গুরুত্বপূর্ণ ম্যাচের পর। সেদিন তাসকিন আহমেদের বলে ক্রিস ওকসের ক্যাচ ছেড়েছিলেন তামিম ইকবাল। বড় ইনিংস না খেলতে পারায় এমনিতে চারিদিকে নানা সমালোচনা, এরপর আবার ক্যাচ হাতছাড়া। নিন্দুকেরা পেয়ে গেলেন মোক্ষম অস্ত্র। কিন্তু ল তাতে গা ভাসাননি। তামিমের প্রতিভা সম্পর্কে খুব ভালো ধারণা আছে বলেই অমন মন্তব্য করেছিলেন।
গত দুই ম্যাচে তামিমের ‘মুড’ সম্পর্কে আবারও ধারণা পেয়েছে সবাই। নিজের দিনে স্রেফ উড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষের বোলারদের। টানা দুই সেঞ্চুরিতে সব সমালোচনার অসাধারণ জবাব। কিন্তু এই পারফরম্যান্স তামিমের জন্য কি নতুন? রেকর্ড বইটা দেখুন, সেটা যে ভীষণ তামিমবান্ধব! বাংলাদে​শের ব্যাটসম্যানদের পক্ষে ওয়ানডের সব রেকর্ডই তো তামিমের! সর্বোচ্চ রান, সর্বোচ্চ সেঞ্চুরি, ​সর্বোচ্চ ফিফটি, সর্বোচ্চ চার, সর্বোচ্চ ছক্কাও!
এ মুহূর্তে ওয়ানডেতে তামিমের রান ৪ হাজার ৩৭৩। দ্বিতীয় অবস্থানে থাকা সাকিবের রান ৪ হাজার ২১১। ব্যক্তিগত সর্বোচ্চ রানও তামিমের। ২০০৯ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন ১৫৪ রান। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ চারটি ইনিংসের তিনটিই তামিমের। সবচেয়ে বেশি সেঞ্চুরির (৬টি) রেকর্ডটা অবশ্য সাকিবের সঙ্গে ভাগাভাগি করতে হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে সবচেয়ে বেশি ফিফটির রেকর্ডও (২৮টি)! বাউন্ডারির দিক দিয়ে তামিমের ধারে কাছে কেউ নেই। ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বেশি চার তামিমের, ৪৯৬টি, সাকিবের ৩৭৫। তামিমের ছক্কা ৫৭, মুশফিকের ৫০টি।
কেবল ওয়ানডের কথা বলা হচ্ছে। অন্য সংস্করণেও বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তামিমের জয়জয়কার। বর্তমান খেলোয়াড়দের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি রান তামিমের (২ হাজার ৭৪৩)। টি-টোয়েন্টিতে অবশ্য ৫০ রানে এগিয়ে থেকে তামিমকে দুইয়ে ঠেলেছেন। তবে তিন ধরনের ক্রিকেট মিলিয়ে সবচেয়ে বেশি রান (৭ হাজার ৮১৮), সবচেয়ে বেশি সেঞ্চুরি (১২), সবচেয়ে পঞ্চাশোর্ধ্ব ইনিংস (৬০) তামিমেরই! কী ভাবছেন? রেকর্ড-টেকর্ড সবই তো নিজের করে বসে আছেন দুদিন আগেও অনেকের চোখে ‘বাতিল’ হয়ে যাওয়া এই ব্যাটসম্যানটিই!
তবে এখনো যেতে হবে বহুদূর। বব মার্লের একটা উক্তি আছে, ‘দ্য গুড টাইমস অব টুডে, আর দ্য স্যাড থটস অব টুমরো।’ তামিম যে তা ভাবেন না, তা নয়। গতকাল সংবাদ সম্মেলনেই বললেন, ‘ক্রিকেট ইজ আ ভেরি ফানি গেম। এখানে যেকোনো কিছুই ঘটতে পারে। কখনো ভালো সময় যাবে, কখনো-বা খারাপ। আজ ভালো খেলছি, কাল খারাপ হতেই পারে।’
সে খারাপ সময় যেতেই পারে। কিন্তু যাদের ‘ক্লাস’ আছে, তাদের ‘ফর্ম’ নিয়ে চিন্তা কী!