সবকিছু ছাপিয়ে সত্যি শুধু '৩৩'!

৩৩!
শুধুই একটি সংখ্যার সীমানা ছাড়িয়ে যেটি এখন একটি দেশের রুদ্ধশ্বাস অপেক্ষার নাম—হবে তো?
‘৩৩’-এর একটু পেছনে দাঁড়িয়ে চোখ রাঙাচ্ছে ‘২’। মাত্র ৩৩ রান দূরে অবিস্মরণীয় এক জয়। কিন্তু সে পর্যন্ত যেতে ‘পারের কড়ি’ মাত্র ২টি উইকেট। নাটকীয়তাময় চারটি দিন শেষে এখন শেষ মোহনায় দাঁড়িয়ে চট্টগ্রাম টেস্ট। কেউ জানে না, মহাকাব্যিক এই টেস্ট ম্যাচ শেষ অঙ্কে কী লিখে রেখেছে!
যা-ই লিখে রাখুক না কেন, তা জানতে আজ বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। কতক্ষণই বা খেলা হবে! ইংল্যান্ড জিতলে তা যেকোনো সময়ই শেষ! বাংলাদেশ জিতলে বড়জোর ঘণ্টা খানেক। শুধু এটুকু খেলাকে সম্বল করে কটি টেস্টের শেষ দিন এমন মহারোমাঞ্চের হাতছানি দিতে পেরেছে?
টেস্ট ক্রিকেট তার সবটুকু রূপ-রস-মাধুর্য নিয়ে যেন রহস্যের এক ডালা সাজিয়ে বসেছে সাগরপাড়ের এই স্টেডিয়ামে। শুধু চতুর্থ দিনটির কথাই ধরুন না! সেটিই তো পরিচয় করে দিল বিচিত্র কত অভিজ্ঞতার সঙ্গে! এই টেস্ট শুরু হওয়ার আগে ইংল্যান্ড ফেবারিট ছিল, চতুর্থ ইনিংসের শুরুতেও তা-ই। কতবারই তো মনে হলো, এই ম্যাচের পঞ্চম দিন দেখতে চাওয়া দুরাশা ছাড়া কিছুই নয়। ইংল্যান্ডের জেতার কথা ছিল, ইংল্যান্ডই জিতে যাচ্ছে। অথচ ফ্লাডলাইটের আলোতে স্পিনারদের বলও আর খেলার মতো অবস্থা নেই সিদ্ধান্তে পৌঁছে আম্পায়াররা যখন দিনের খেলার ইতি টানলেন, ম্যাচ তখন আশ্চর্য সমতায় দাঁড়িয়ে। চার দিনের এত সব ঘটনার ঘনঘটা ছাপিয়ে চরম সত্যি হয়ে উঠেছে শুধুই দুটি সংখ্যা। ৩৩ আর ২!
সকালে ১২ রানের মধ্যেই ইংল্যান্ডের শেষ ২ উইকেট নেই। তৃতীয় দিন শেষে মনে হচ্ছিল, জিততে হলে ম্যাচের সর্বোচ্চ ইনিংসটি খেলতে হবে বাংলাদেশকে। অল্পের জন্য সেই গুরুভার থেকে মুক্তি। কিন্তু তাতেও তো এমন এক চ্যালেঞ্জের সামনে মুশফিকের দল, যেটি জয় করার কোনো ইতিহাস নেই। লক্ষ্য ২৮৬, যেখানে চতুর্থ ইনিংসে কখনো ২১৫ রানের বেশি করে টেস্ট জেতেনি বাংলাদেশ।
সেটিও কোন উইকেটে? লাটিমের মতো ঘুরছে বল, কখনো বা লাফিয়ে উঠছে, কখনো বা যাচ্ছে গড়িয়ে। চন্ডিকা হাথুরুসিংহে ক্রিকেটের সঙ্গে আছেন আজ কম দিন নয়। অথচ বাংলাদেশের কোচ নির্দ্বিধায় বলে দিচ্ছেন, এমন কঠিন উইকেট তিনি আগে কখনো দেখেননি। সেই উইকেটে চতুর্থ ইনিংসে ২৮৬ রান এবং প্রতিপক্ষ দলে তিন স্পেশালিস্ট স্পিনার এবং রিভার্স সুইংয়ের অস্ত্র হাতে তিন ফাস্ট বোলার—এ তো বাংলাদেশের ক্ষমতার বাইরে!
আপাত-অসম্ভব সেই লক্ষ্যকে ‘খুবই সম্ভব’ বানিয়ে দেওয়ার কাজটি কে করলেন? নির্দিষ্ট একজনের নাম বলা যাচ্ছে না। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে একজন ছাড়া সবাই দুই অঙ্ক ছুঁয়েছেন। যে একজন তা পারেননি, সেই তামিম ইকবালকেও কৃতিত্ব দিচ্ছেন হাথুরুসিংহে। এবং সেটি যুক্তির ওপর দাঁড়িয়েই। রান করেছেন মাত্র ৯, কিন্তু ইমরুলের সঙ্গে ম্যাচের সর্বোচ্চ ওপেনিং জুটিটা (৩৫) তো গড়ে গেছেন এর আগে।
যে উইকেটে সেট ব্যাটসম্যান বলে কোনো কথা নেই, খেয়ালি কোনো বল যেকোনো সময়ই বাজিয়ে দিতে পারে মৃত্যুঘণ্টা, সেখানে ব্যাটসম্যানরা যে যাঁর মতো করে পথ খুঁজে নেন। ইমরুল কায়েসের যেমন মনে হলো, আক্রমণই এখানে প্রতিরক্ষার সেরা উপায়। ৬১ বলে ৪৩ রান আজকের দিনে চোখ কপালে তুলে দেওয়ার মতো কোনো স্ট্রাইক রেট নয়। কিন্তু এই উইকেটে তা দুর্দান্ত এক ইনিংসের স্বীকৃতি দাবি করে।
যেমন দাবি করে মুশফিকুর রহিমের ৩৯। তাঁর পথ আবার ভিন্ন। বাংলাদেশের এই দলে টেকনিকের দিক থেকে কেন তাঁকে সেরা ব্যাটসম্যান মনে করা হয়, তারই এক ডকুমেন্টারি এই ইনিংস। স্পিনারদের বল স্বেচ্ছাচারিতার চূড়ান্ত রূপ, স্টোকসের বলে রিভার্স সুইংয়ের কারুকাজ—সবকিছুই সামলে নিলেন মনঃসংযোগ আর দক্ষতার অপরূপ এক প্রদর্শনীতে। ২ ঘণ্টা ৪৮ মিনিট উইকেটে থেকে ১২৪ বল খেলে মুশফিকের ওই ৩৯। যাঁর ব্যাটিং অনেকবারই মনে করিয়ে দিল ১৯৮৭ সালে বেঙ্গালুরুর স্পিন-স্বর্গ উইকেটে সুনীল গাভাস্কারের শেষ টেস্ট ইনিংসটির কথা। মিল থাকল সমাপ্তিতেও। সাপের মতো ছোবল তোলা গ্যারেথ ব্যাটির যে বলটি মুশফিকের গ্লাভস ছুঁয়ে উইকেটকিপারের গ্লাভসে জমা পড়ল, বিশ্বের সেরা ব্যাটসম্যানেরও সেটির সামনে এমন অসহায় মৃত্যুবরণ করা ছাড়া উপায় নেই।
মুশফিকের বিদায় ম্যাচ থেকে বাংলাদেশের বিদায়েরই সমার্থকই হয়ে যাচ্ছিল প্রায়। এতেই যে বাংলাদেশের টেলএন্ডারদের রাজ্যে ঢুকে পড়তে পারলেন ইংল্যান্ডের বোলাররা। প্রথম ইনিংসের অভিজ্ঞতা থেকে যাঁরা জানেন, জায়গামতো বল ফেলতে পারলেই উইকেট। নিজের পরপর ২ ওভারে ২ উইকেট নিয়ে স্টুয়ার্ট ব্রড সেটির পুনরাবৃত্তি প্রায় ঘটিয়েই ফেলেছিলেন। পারলেন না তাইজুলের কারণে। ২৩ বলে ১১ রান করে অপরাজিত বাংলাদেশের ১০ নম্বর ব্যাটসম্যান। উইকেটে তাঁর সঙ্গী সাব্বির রহমান।
এতক্ষণে সাব্বির রহমান? নামটা এত পরে এল বলে আপত্তি করতেই পারেন। ইচ্ছা করেই তাঁকে সবার শেষে আনা, কারণ তিনিই যে হয়ে দাঁড়িয়েছেন এই টেস্টের ‘শেষ কথা!’ ওয়ানডে আর টি-টোয়েন্টিতে নিজেকে চিনিয়ে এই তরুণের টেস্ট অভিষেক। টেস্ট ক্রিকেটটাও তিনি খেলতে জানেন এবং সেটি তাঁর মতো করে খেলেই—এটাও বুঝিয়ে দিলেন ভালোমতোই। মুশফিকের সঙ্গে ষষ্ঠ উইকেটে তাঁর ৮৭ রানের জুটিটিতেই এমন রোমাঞ্চকর এই টেস্ট। মঈন আলীকে মারা দুটি ছক্কা আর ব্যাটিকে স্ট্রেট ড্রাইভে চার মেরে টেস্ট ক্রিকেটে প্রথম ফিফটিতে দিয়ে দিলেন ভিন্ন ফরম্যাট, পরিস্থিতি, বিষম চাপ কোনো কিছুকেই পাত্তা না দেওয়ার় সোচ্চার ঘোষণাও।
টেস্ট ক্রিকেটে স্মরণীয়তম জয় পাওয়ার যে স্বপ্ন নিয়ে কাল রাতে ঘুমাতে গেছে বাংলাদেশ, সেই স্বপ্নও লুকিয়ে ৫৯ রানে অপরাজিত সাব্বিরের ব্যাটেই। রাতটা হয়তো তাঁর নির্ঘুমই কেটেছে। জীবনের প্রথম টেস্টই এমন অগ্নিপরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিয়েছে যাঁকে, তাঁর ঘুম হওয়াটাই তো অস্বাভাবিক।
চাপ ভাবলে চাপ। প্রেরণা ভাবলে প্রেরণা। জীবনের প্রথম টেস্টই এমন ‘জাতীয় বীর’ হয়ে যাওয়ার সুযোগই বা কজনকে দিয়েছে!
সাব্বির রহমান, আপনি শুনছেন তো?
চতুর্থ দিনের শেষে
ইংল্যান্ড: ২৯৩ ও ২৪০
বাংলাদেশ: ২৪৮ ও ২৫৩/৮