সবকিছুতেই রাজি মুশফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট দলে মুশফিকুর রহিমের ভূমিকা তিনটি—ব্যাটসম্যান, উইকেটকিপার ও অধিনায়ক। কখনো একটি আরেকটির সঙ্গে ‘সাংঘর্ষিকও’ হয়ে যায়। কাল যেমন তিনি নিজেই বললেন, দলের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেও ১২০ ওভার উইকেটকিপিং করে তাঁর পক্ষে চারে ব্যাট করা সম্ভব নয়।

এ অবস্থায় প্রশ্ন জাগতেই পারে—মুশফিক কি তাহলে নিজের ভূমিকাগুলোকে পুনর্বিন্যাস করবেন? কিন্তু টেস্ট অধিনায়ক জানালেন, এখন সবকিছু যেমন চলছে সেটা তাঁর একার সিদ্ধান্তে হচ্ছে না, ‘এটা তো আসলে আমার ইচ্ছায় হচ্ছে না। আমি যে শ্রীলঙ্কায় কিপিং করিনি, সেটাও আমার ইচ্ছায় ছিল না। আমার কিপিংয়ে কখনোই আপত্তি ছিল না।’

টিম ম্যানেজমেন্ট যেভাবে চাইবে, মুশফিক সেভাবেই দলের জন্য খেলতে প্রস্তুত, ‘আমি চেষ্টা করি দলের জন্য সেরাটা দিতে। অধিনায়কত্ব না থাকলেও সমস্যা নেই। আবার ধরেন কিপিং না থাকলেও সমস্যা নেই। এখন যদি বলা হয়, তোমাকে দ্বাদশ খেলোয়াড় হিসেবে শতভাগ দিতে হবে, তাতেও আমি রাজি।’

মোট কথা, টিম ম্যানেজমেন্ট যেভাবে চাইবে সেভাবেই দলে থাকতে প্রস্তুত মুশফিক। এ জন্য নিজের ভূমিকার ব্যাপারে নিজেও আরও পরিষ্কার হতে চান, ‘আমার মনে হয় ওপরে যাঁরা আছেন তাঁদের এই প্রশ্নটা করা ভালো। সে ক্ষেত্রে আমিও আমার দিক থেকে পরিষ্কার হয়ে যাই। নিজের কাজটা আরও ভালোভাবে করতে পারি।’