সবচেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটারের বিদায়

জগতের অমোঘ নিয়মে একটা সময় সবাই থেমে যায়, থেমে যেতে হয়। ক্রিকেটে ইনিংসের ক্ষেত্রেও তা-ই। কোনো ইনিংসই অনন্তকাল ধরে চলে না, চলতে পারে না। কোনো ইনিংস থামিয়ে দেন বোলার-ফিল্ডার, কোনোটা থামিয়ে দেন ব্যাটসম্যান নিজেই। নরম্যান গর্ডনও থামলেন। তবে বিরাট ‘রেকর্ড’ গড়ে! ধরাতলের সবচেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটার গর্ডন ১০৩ বছর বয়সে বিদায় নিলেন আজ।
টেস্টে তো কতই সেঞ্চুরি হয়, কিন্তু কজন টেস্ট ক্রিকেটার জীবনের ইনিংসে সেঞ্চুরি করতে পেরেছেন? উত্তর পরিষ্কার—মাত্র একজন—তিনি গর্ডন। তবে টেস্টে সেঞ্চুরি করা আর জীবনের সেঞ্চুরির মধ্যে কী আশ্চর্য বৈপরীত্য। টেস্টে সেঞ্চুরি একজন খেলোয়াড়ের ক্যারিয়ারের সঞ্জীবনী সুধা। কিন্তু জীবনের সেঞ্চুরি মানে সমাপ্তির দিকে ধাবিত হওয়া। টেস্টে সেঞ্চুরি বড়ই আনন্দময়, জীবনের সেঞ্চুরি মানে দেহঘড়ি থেমে যাওয়ার অশনিসংকেত!
দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার গর্ডন বছর তিনেক আগে জীবনের সেঞ্চুরি করেছিলেন। শরীরটা অনেক দিনই ভালো যাচ্ছিল না, বার্ধক্যজনিত নানা জটিলতা লেগেই ছিল। মূত্রাশয়ের সমস্যা নিয়ে গত কয়েকটা বছর হাসপাতালে যাওয়া-আসার মধ্যেই ছিলেন। অবশেষে জোহানেসবার্গ সিটি সেন্টারের হিলব্রতে নিজের বাড়িতে নিভে গেল জীবনপ্রদীপটা। এ বাড়িতেই কাটিয়েছেন গত ৬০ বছর।
খেলেছেন ‘টাইমলেস টেস্ট’ যুগে। ছিলেন ফাস্ট বোলার। গতির সঙ্গে গর্ডনের বড় শক্তি ছিল স্টামিনা। ১২-১৫ ওভারের স্পেল করতেন নিয়মিতই। শেষ টেস্টেও ৮ বলের ৯২.২ ওভার বোলিং করেছিলেন। বিশ্বযুদ্ধের পর আর দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পাননি। খেলোয়াড়ি জীবন থেকেই ছিলেন দারুণ স্টাইলিশ। কোঁকড়া চুলগুলো বশ মানাতে চুলে জেল ব্যবহার করতেন। সতীর্থরা মজা করে তাই নাম দিয়েছিলেন ‘মোবিল’। ক্রিকেট ছাড়ার পর মনোনিবেশ করেছিলেন গলফে। ৯৬ বছর বয়স পর্যন্ত চুটিয়ে খেলেছেন গলফ।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সাবেক ক্রিকেটার ও নির্বাহী আলি বাখার গর্ডনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বললেন, ‘তাঁর মুখে সব সময় হাসি লেগেই থাকত। জীবন সম্পর্কে তাঁর একটি নীতি ছিল—মানুষের সঙ্গ উপভোগ করা, সে ক্রিকেটে হোক কিংবা গলফে। পরিপূর্ণ জীবন পেয়েছিলেন তিনি।’
গর্ডনের চলে যাওয়ার পর বর্তমানে জীবিত থাকা সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার লিন্ডসে টাকেট। ৯ টেস্ট খেলা সাবেক দক্ষিণ আফ্রিকান পেসারের বয়স আজ ৯৫ বছর ২০৮ দিন।