সবচেয়ে 'সফল' দল পাপুয়া নিউগিনি!

ক্রিকেটের ‘কুলীন’ সমাজের কোনো সদস্য যা পারেনি, তা পেরেছে আইসিসির সহযোগী এক দল। ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র অপরাজিত দলের নাম—পাপুয়া নিউগিনি!
দেশটি স্বাধীনতা লাভ করেছে ১৯৭৫ সালে। কিন্তু আইসিসির সদস্য হয়েছে আরও দুই বছর আগে—১৯৭৩ সালে। অল্পের জন্য বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে পারেনি। তবে আইসিসি ট্রফিতে চতুর্থ হওয়ার পর এ বছরই মিলেছে ওয়ানডে স্ট্যাটাস। গত নভেম্বরে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলতে নামে অস্ট্রেলিয়ায়। প্রতিপক্ষ ছিল হংকং। শুরুটাও হয়েছে দারুণ—দুটি ম্যাচেই জয়!
প্রথম ম্যাচে হংকংকে হারায় ৪ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটে। শক্তিমত্তায় সমপর্যায়ের প্রতিপক্ষের বিপক্ষে এমন পারফরম্যান্সে যথেষ্ট প্রশংসাই পেয়েছে দলটি। স্বাভাবিকভাবেই ২০১৪ সালের পরিসংখ্যান বইয়ের একটি জায়গায় ঠাঁই করে নিয়েছে সবার ওপরে—একমাত্র অপরাজিত দল। বিশ্বের অন্যতম সংস্কৃতি-বৈচিত্র্যসম্পন্ন ওশেনিয়া অঞ্চলের দ্বীপরাষ্ট্রটি আগামী দিনে ওয়ানডে ক্রিকেটে কতটা চমক উপহার দিতে পারে—সেটিই দেখার। তথ্যসূত্র: ক্রিকইনফো।