সবচেয়ে উজ্জ্বল মেহেদী

৪১, ৫৩...থিতু হচ্ছিলেন ঠিকই। তবে ইনিংসগুলো বড় করতে পারছিলেন না মেহেদী হাসান। জাতীয় লিগে অবশেষে সেঞ্চুরির দেখা পেলেন খুলনার ওপেনার। চতুর্থ রাউন্ডের দ্বিতীয় দিনে মেহেদীই সবচেয়ে উজ্জ্বল নাম। তাঁর সেঞ্চুরিতেই ঢাকা বিভাগের বিপক্ষে ১৬৮ রানের লিড পেয়েছে খুলনা।
আন্তর্জাতিক ক্রিকেটে এসেই হইচই ফেলে দেওয়া মুস্তাফিজুর রহমান ঘরোয়া ক্রিকেটেও যথেষ্ট নিষ্ঠাবান তা স্পষ্ট পারফরম্যান্সেই। দুই ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। গতকাল ফতুল্লায় আরেক দফা জ্বলে উঠলেন সাতক্ষীরার পেসার। প্রথম ইনিংসে ১১৭ রানে অলআউট হওয়া খুলনার তাড়া ছিল ঢাকার লাগাম দ্রুত টেনে ধরা। তা পেরেছেও। মুস্তাফিজ ও আবদুর রাজ্জাকের যৌথ আক্রমণে ঢাকা গুটিয়ে গেছে ১৫৪ রানে। মুস্তাফিজ ৪ আর রাজ্জাক ৩ উইকেট নিয়েছেন।
৩৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা খুলনা দ্বিতীয় দিন শেষে তুলেছে ৪ উইকেটে ২০৫। মোহাম্মদ মাসুমের বলে আউট হওয়ার আগে সর্বোচ্চ ১০৪ করেছেন মেহেদী। ওদিকে এবার জাতীয় লিগে প্রথম ফিফটির দেখা পেলেন এনামুল হক। বাংলাদেশ ওয়ানডে দলের বাইরে থাকা ওপেনার অপরাজিত আছেন ৬১ রানে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তামিম-নাফিস ইকবালের দারুণ শুরু এবং তাসামুল হকের দৃঢ়তায় বড় রানের দিকে এগোচ্ছে চট্টগ্রাম। জাতীয় লিগে রানের মধ্যে থাকা তামিম সানজামুল ইসলামের বলে এলবিডব্লু হওয়ার আগে করেছেন ৬২। দ্বিতীয় দিন শেষে ৩০ রানের লিড পেয়েছে চট্টগ্রাম। ৬৬ রানে অপরাজিত থেকে লিডকে বাড়িয়ে নেওয়ার ইঙ্গিত দিচ্ছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাসামুল।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে গোলাম কবির ও সোহাগ গাজীর দারুণ বোলিংয়ে প্রথম ইনিংসে সিলেট অলআউট ১৭২ রানে। কবির-গাজী দুজনই পেয়েছেন ৩টি করে উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৫১ করে দিন শেষ করেছে বরিশাল। লিড ১৩৪ রান।
শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা মহানগর-রংপুরের লড়াইটা দ্বিতীয় দিন পর্যন্ত সমানে সমান। প্রথম ইনিংসে ঢাকা মহানগরকে ২৪২ রানে অলআউট করা রংপুরের রান ৬ উইকেটে ২৪১। মাত্র ১ রানে পিছিয়ে থাকা রংপুর নিশ্চয়ই আজ বড় লিড নিতে চাইবে।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা-ঢাকা বিভাগ, ফতুল্লা
খুলনা ১ম ইনিংস: ১১৭ ও ৫৬ ওভারে ২০৫/৪ (মেহেদী ১০৪, এনামুল ৬১* নুরুল ৩৪*; মাসুম ২/৬৪, আলী আহমেদ ১/৩৯)।
ঢাকা ১ম ইনিংস: ৬৭.৪ ওভারে ১৫৪ (জয়রাজ ৬৫, সগির ১৮; মুস্তাফিজ ৪/৪৬, রাজ্জাক ৩/৬০)।
রাজশাহী-চট্টগ্রাম, চট্টগ্রাম
রাজশাহী ১ম ইনিংস: ২০৮
চট্টগ্রাম ১ম ইনিংস: ১০৪ ওভারে ২৩৮/৪ (তাসামুল ৬৬*, তামিম ৬২, নাফিস ৪৩, ইরফান ৩৮*; সানজামুল ৪/৫৯) ।
বরিশাল-সিলেট, বগুড়া
বরিশাল: ১৫৫ ও ৪৬ ওভারে ১৫১/৩ (সালমান ৭২* ও শাহরিয়ার ৬৭; খালেদ ৩/৩৩)
সিলেট ১ম ইনিংস: ৬৮.২ ওভারে ১৭২ (রুমান ৬৯, ইমতিয়াজ ২৫; সোহাগ ৩/২৪, কবির ৩/৪১, সালেহ ১/১৭)।
ঢাকা মহানগর-রংপুর, খুলনা
মহানগর ১ম ইনিংস: ১০৫ ওভারে ২৪২ (আসিফ ৫৬, শামসুর ৫১, মেহেদী মারুফ ২২; তানভীর ৪/৮১, সঞ্জিত ৩/৪৮, সাদ্দাম ১/২৩)।
রংপুর ১ম ইনিংস: ৭৫ ওভারে ২৪১/৬ (তানভীর ৪২*, নাঈম ৪০, নবীন ৩৯; আরাফাত ২/৫৭, আসিফ ১/২৩)।