সবচেয়ে কম বিশ্রামে পাকিস্তান, সবচেয়ে বেশি বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা ক্রিকেটের মধ্যে পাঁচ দিনের বিরতি ফুরফুরে থাকার সুযোগ করে দিয়েছে ক্রিকেটারদের। ছবি: ফেসবুক
টানা ক্রিকেটের মধ্যে পাঁচ দিনের বিরতি ফুরফুরে থাকার সুযোগ করে দিয়েছে ক্রিকেটারদের। ছবি: ফেসবুক

৯ জুন কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার পর বড় একটা বিশ্রামই পেল চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচ খেলা বাংলাদেশ। এজবাস্টনে সেমিফাইনালের আগে পাঁচ দিনের বিরতি পেয়েছেন মাশরাফিরা। সেমিফাইনালের আগে এত বড় বিরতি শেষ চারের আর কোনো দলই পায়নি। 

বছরের শুরু থেকে বাংলাদেশ আছে খেলার মধ্যে। প্রতি মাসে কোনো না কোনো সিরিজ নিয়ে ব্যস্ত মাশরাফি-মুশফিকরা। গত মাসে আয়ারল্যান্ড সিরিজের পর বাংলাদেশ এখন ব্যস্ত চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে। টানা খেলার ধকল কাটাতে পাঁচ দিনের বিরতিটা যে কাজে দিচ্ছে, সেটি বোঝা গেল কাল মোস্তাফিজুর রহমানের কথায়, ‘দলের সবাই ফুরফুরে মেজাজে আছে। আশা করি, ভালো কিছু হবে।’
বাংলাদেশের ‘লম্বা’ বিরতি দেখে ‘ঈর্ষা’ করতে পারে পাকিস্তান। সেমিফাইনালের আগে সবচেয়ে কম বিশ্রাম পাচ্ছে যে তারা। গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলা পাকিস্তানকে মাত্র এক দিনের বিরতি দিয়ে শেষ চারের লড়াইয়ে নামতে হবে আগামীকাল। সেমিফাইনালের আগে ইংল্যান্ড বিশ্রাম পাচ্ছে চার দিন, ভারত তিন দিন।
টুর্নামেন্টের মাঝে বিরতি থাকাটা যেমন ভীষণ কাজে দেয়। আবার সেটি ‘লম্বা’ হয়ে গেলে মনোযোগ সমানভাবে ধরে রাখাও কঠিন। এ ধরনের বৈশ্বিক প্রতিযোগিতায় দল যখন শেষ চারে ওঠে, নানা মাধ্যম হয়ে খেলোয়াড়দের কানে একটি প্রশ্ন বারবার প্রতিধ্বনিত হয়—‘দল ফাইনালে উঠবে তো?’ আর তাতে অদৃশ্য চাপ তৈরি হওয়া মোটেও অস্বাভাবিক নয়। একই সঙ্গে থাকে অতি নির্ভার হয়ে পড়ার ঝুঁকিও। এর কোনটি নিশ্চয়ই হবে না মাশরাফিদের। বরং এত ব্যস্ত ক্রিকেটের মধ্যে অতি জরুরি এই বাড়তি বিশ্রাম পেয়ে ফুরফুরে মেজাজে নামতে পারবে দল।