সবচেয়ে বেশি বয়সে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসবাহ-উল-হক প্রমাণ করে চলছেন, বয়স ৪০ হলেই সবাই চালশে হয় না! রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন সবচেয়ে বেশি বয়সে এক টেস্টে দুই সেঞ্চুরি করে। কাল তো পেলেন টানা তৃতীয় ইনিংসেও সেঞ্চুরি। ৪০ তো কমই, ৫০ বছর বয়সেও দিব্যি টেস্ট খেলে যাওয়ার উদাহরণ আছে! চলুন দেখে নেওয়া যাক টেস্টের কিছু ‘বুড়োটে’ কীর্তি। ক্রিকইনফো।

জ্যাক হবস: সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি
জ্যাক হবস: সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি

সেঞ্চুরি
১৯২৮-২৯ মৌসুমে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪২ রানের ইনিংসটি খেলেছিলেন জ্যাক হবস। তখন তাঁর বয়স ছিল ৪৬ বছর ৮২ দিন। টেস্টে এর চেয়ে বেশি বয়সে আর কেউ সেঞ্চুরি পাননি। ৪০ বছর বয়সে টেস্ট সেঞ্চুরি করা ক্রিকেটারদের মধ্যে মিসবাহ আছেন ১৯ নম্বরে। ১৮ নম্বরে এ বছরের শুরুর দিকে সেঞ্চুরি করা শিবনারায়ণ চন্দরপল। মিসবাহ চাইলে আরেকটি রেকর্ডের দিকে দৃষ্টি রাখতে পারেন। ওয়ানডেতে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির রেকর্ডটি সনাৎ জয়াসুরিয়ার দখলে। ২০০৯ সালে ৩৯ বছর বয়সে ভারতের বিপক্ষে ১০৭ রান করেছিলেন তিনি।
ডাবল সেঞ্চুরি
মাত্র পাঁচজন ক্রিকেটার তাঁদের বয়স ৪০ পেরোনোর পর ডাবল সেঞ্চুরি করতে পেরেছেন। সর্বশেষ এই কীর্তি ইংলিশ ক্রিকেটার গ্রাহাম গুচের, ১৯৯৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। জ্যাক হবসও আছেন এই তালিকায় (১৯২৪ সালে, ৪১ বছর বয়সে)। কিন্তু সবচেয়ে বেশি বয়সে ডাবল সেঞ্চুরির রেকর্ডটা দক্ষিণ আফ্রিকান ওপেনার এরিক রোয়ানের দখলে। ১৯৫১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৩৬ রানের ইনিংসটি খেলার সময় তাঁর বয়স ছিল ৪২ বছর সাত দিন।
ট্রিপল সেঞ্চুরি
৩৫ বছরের চেয়ে বেশি বয়সে ট্রিপল সেঞ্চুরি করেছেন তিনজন। সর্বশেষ নামটি কুমার সাঙ্গাকারার, এই বছরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে ৩১৯ রানের ইনিংসটি খেলেছিলেন ৩৬ বছর বয়সে। ১৯৯০ সালে লর্ডসে ভারতের বিপক্ষে ৩৩৩ রানের ইনিংস খেলার পথে গ্রাহাম গুচের বয়স ছিল ৩৭ বছর। তবে সবচেয়ে বেশি বয়সে ট্রিপল সেঞ্চুরির রেকর্ডটি ইংলিশ ব্যাটসম্যান অ্যান্ডি স্যান্ডহ্যামের। ৩৯ বছর ২৭২ দিন বয়সে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন ৩২৫ রান।
উইকেট শিকার
টেস্ট ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার উইলফ্রেড রোডসের দখলে এই রেকর্ডটি। ৫২ বছর বয়সে তাঁর শেষ টেস্টটি খেলেছিলেন ক্যারিবিয়ানে, ১৯৩০ সালে। ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্লিফোর্ড রোচকে আউট করে রেকর্ড বইয়ে জায়গা করে নেন এই ইংলিশ অলরাউন্ডার।
ইনিংসে ৫ উইকেট
বার্ট আয়রনমঙ্গারের বয়স ৫০ পূর্ণ হতে কেবল কয়েক মাস বাকি। ১৯৩১-৩২ মৌসুমে এমসিজিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অবিশ্বাস্য বোলিং কীর্তি দেখালেন, দুই ইনিংসে ৬ রানে ৫ উইকেট ও ১৮ রানে ৬ উইকেট! দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছিল ৩৬ ও ৪৫ রানে। উইজডেন তখন এক বিবৃতিতে বলেছিল, ‘আয়রনমঙ্গার আরেকবার প্রমাণ করলেন, তাঁকে খেলা প্রায় অসম্ভব।’ পরের বছর তাঁর সামনে এসেছিল একমাত্র ৫০ বছর বয়সী টেস্ট ক্রিকেটার হিসেবে ৫ উইকেট প্রাপ্তির রেকর্ড গড়ার সুযোগ। তবে বঞ্চিত হয়েছিলেন অল্পের জন্য, বিখ্যাত সেই বডিলাইন সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৬ রানে নিয়েছিলেন ৪ উইকেট।
হ্যাটট্রিক
ইংলিশ অফ স্পিনার টম গডার্ডের দখলে এই রেকর্ডটি। ১৯৩৮-৩৯ মৌসুমে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ৩৮ বছর বয়সে। এর মধ্যে দ্বিতীয় উইকেটটি ছিল নরম্যান গর্ডনের, যিনি প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে শতায়ু হয়েছেন। এ বছরই ১০৩ বছর ২৭ দিনে থেমেছে গর্ডনের জীবনের ইনিংস।
অভিষেক
বাঁহাতি স্পিনার জেমস সাদারটন তাঁর ক্যারিয়ারের বেশির ভাগ সময় খেলেছেন কাউন্টি দল সারেতে। ১৮৭৬-৭৭ মৌসুমে তাঁর অভিষেক হয় টেস্ট ইতিহাসের প্রথম টেস্টটিতে, তখন তাঁর বয়স ৪৯। দুঃখের ব্যাপার হচ্ছে, টেস্ট খেলোয়াড়দের মধ্যে সবার আগে মৃত্যু হয় তাঁরই (জুন, ১৮৮০)।
অধিনায়ক
এই তালিকার প্রথম তিনটি নামই ইংল্যান্ডের। ১৮৯৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডব্লুজি গ্রেস ৫০ বছর বয়সে নিজের শেষ টেস্টে অধিনায়কত্ব করেন। গ্যাবি অ্যালেন ৪৫ ও ওয়াল্টার হ্যামন্ড ৪৩ বছর বয়সে অধিনায়কত্ব করেছেন ইংল্যান্ডের।
বোলার-ফিল্ডার যুগলবন্দী
এখানেও আছেন উইলফ্রেড রোডস। ৫২ বছর বয়সে তাঁর ক্যারিয়ারের শেষ উইকেটটিই জন্ম দেয় এই বিরল দৃশ্যের—ক্যারিবিয়ান ওপেনার ক্লিফোর্ড রোচের শট তালুবন্দী করেন ৫০ বছর বয়সী জর্জ গান। উইকেটটি এসেছে ১০৩ বছরের জুটিতে!