সবচেয়ে বেশি বয়সে টেস্ট সেঞ্চুরি

জ্যাক হবস
৪৬ বছর ৪২ দিন
কারও কারও চোখে বিশ্বের সেরা ব্যাটসম্যান তিনিই, এমনকি ব্র্যাডম্যানের চেয়েও! যেকোনো মাঠে, যেকোনো পরিস্থিতিতে অনায়াসে, সাবলীল ব্যাটিংয়ে নাকি ব্র্যাডম্যানের চেয়েও এগিয়ে ছিলেন তিনি। ক্যারিয়ারে ১৯৯টি প্রথম শ্রেণির সেঞ্চুরি করেছেন। ২২ বছরের টেস্ট ক্যারিয়ারে ১৫টি সেঞ্চুরি তাঁর। এর মধ্যে সর্বশেষ সেঞ্চুরিটি হাঁকানোর সময় এই ইংলিশ ব্যাটসম্যানের বয়স ছিল ৪৬ বছর ৪২ দিন। ১৯২৯ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে।

হেনরি হেন্ড্রেন
৪৫ বছর ১৫১ দিন
প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭০টি সেঞ্চুরি ছিল এই ডান হাতি ব্যাটসম্যানের। টেস্টে অবশ্য এমন রানক্ষুধা দেখাতে পারেননি এই ইংলিশ ব্যাটসম্যান। ৫১টি টেস্টে মাত্র ৭টি সেঞ্চুরি। এর মধ্যে ক্যারিয়ারের শেষ সেঞ্চুরি করার সময় বয়স ছিল ৪৫ বছর ১৫১ দিন। ১৯৩৪ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওল্ড ট্রাফোর্ড টেস্টে।

ওয়ারেন বার্ডসলি
৪৩ বছর ২০২ দিন
৪০.৪৭ ব্যাটিং গড় এবং কেবল ছয়টি টেস্ট সেঞ্চুরির দিকে তাকালে ব্যাটসম্যান হিসেবে তাঁকে খুব বেশি আহামরি কিছু মনে হয় না। কিন্তু স্যার জ্যাক হবস তাঁর দেখা সেরা বাঁহাতি ব্যাটসম্যানদের একজন হিসেবে বেছে নিয়েছিলেন বার্ডসলিকে। ক্যারিয়ার সেরা ১৯৩ রানের ইনিংসটাই খেলেছিলেন ৪৩ বছর ২০২ দিন বয়সে এসে। ১৯২৬ সালে, লর্ডসে। এরপর আরও বেশ কটি ম্যাচ খেললেও আর সেঞ্চুরির দেখা পাননি।

ডেভ নার্স
৪২ বছর ২৯১ দিন
তাঁর ডাক নামই ছিল ‘দক্ষিণ আফ্রিকার মহান বুড়ো’। প্রথম শ্রেণির ক্রিকেটে যে ৫৭ বছর পর্যন্ত খেলেছেন! এই তালিকায় যে তাঁর নাম থাকবে তা আর এমন কী! ২২ বছরের টেস্ট ক্যারিয়ারে নার্স জীবনে কেবল একটি সেঞ্চুরি করেছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেদিন তাঁর
বয়স ছিল ৪২ বছর ২৯১ দিন। ভাগ্যিস সেঞ্চুরিটা করেছিলেন! এক সেঞ্চুরি দিয়েই ইতিহাসের পাতায়!

ফ্র্যাঙ্ক উলি
৪২ বছর ৬১ দিন
প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৮ হাজার ৯৫৯ রান এবং ২ হাজার ৬৬ উইকেট! ক্রিকেটের সেরা অলরাউন্ডারদের যেকোনো তালিকায় থাকবেন নিঃসন্দেহে। ২৫ বছরের লম্বা টেস্ট ক্যারিয়ারে অবশ্য মাত্র পাঁচটি সেঞ্চুরি। ১৯২৯ সালে ওল্ড ট্রাফোর্ড টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরির সময় এই বাঁহাতির বয়স ছিল ৪২ বছর ৬১ দিন।

এরিক রোয়ান
৪২ বছর ৬ দিন
ক্যারিয়ারের শেষ সফরেই জীবনের সেরা ইনিংসটি খেলেছিলেন। সেটিও ২৩৬ রানের! ১৯৫১ সালের হেডিংলি টেস্ট শুরুর দিন তাঁর বয়স ছিল ৪২ বছর ৬ দিন। জীবনের সেরা ফর্মে থাকার পরও পরবর্তী সিরিজে অস্ট্রেলিয়া সফরে জায়গা পাননি। দলীয় কোন্দলেই শেষ হয়ে গিয়েছিল এই প্রোটিয়া ব্যাটসম্যানের ক্যারিয়ার। না হলে হয়তো ৪২ পেরিয়েও সেঞ্চুরির তালিকায় নাম ওঠাতে পারতেন।