নাসির হোসেন লক্ষ্য ঠিক করে ফেলেছেন। আজ ঢাকা প্রিমিয়ার লিগে তাঁর দ্বিতীয় ম্যাচে শতক করে জানিয়েছেন সে লক্ষ্যের কথা, এবারের প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চান। বিকেএসপিতে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে প্রাইম ব্যাংকের জার্সিতে নাসিরের দারুণ এক ইনিংসের আত্মবিশ্বাস টের পাওয়া যাচ্ছিল ম্যাচ শেষে।
সাংবাদিকদের নাসির বলেছেন, ‘আমার হাতে যেটা আছে, আমি চেষ্টা করতে পারি রান করার। অনেক সময় হয় না। ইচ্ছা তো আছে সর্বোচ্চ রান সংগ্রাহক হব। এখনো এই ইচ্ছা আছে। সেই ইচ্ছা পূরণ করার জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করব শতভাগ।’
চোট, মাঠের বাইরের বিতর্কে গত দুই বছর কেটেছে নাসিরের। এ সময়টায় মাঠের খেলার কারণে খুব কমই খবরের শিরোনাম হয়েছেন তিনি। আজ ম্যাচ জেতানো শতক করে দীর্ঘদিন পর আলোচনায় এলেন ‘ব্যাটসম্যান’ নাসির। নাসিরের সঙ্গে শতকের দেখা পেয়েছেন প্রাইম ব্যাংকের উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক।
বিকেএসপির চার নম্বর মাঠে দুজনের জোড়া শতকে প্রাইম ব্যাংক ৬ উইকেটে ৩১৪ রান তোলে। তাড়া করতে নেমে ৪৪.২ ওভারে ২২৮ রানে অলআউট হয় রূপগঞ্জ টাইগার্স। আগের ম্যাচে আবাহনীর বিপক্ষে শতক করা জাকির হাসান আজও ৬৩ রানের ইনিংস খেলেন। ৭৯ রান করেছেন ভারতীয় ব্যাটসম্যান বাবা অপরাজিত। কিন্তু দুজনের ব্যাটিং জয়ের জন্য যথেষ্ট ছিল না।
প্রাইম ব্যাংকের ৮৬ রানের জয়ে ভূমিকা ছিল বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের, ৪৪ রানে নিয়েছেন ৪ উইকেট। ১২৭ রান করে এনামুল ম্যাচসেরা হলেও ১০৩ বলে ১০৫ রান করা নাসিরই ছিলেন ম্যাচ–পরবর্তী আলোচনায়।
পানিশূন্যতায় পায়ের পেশিতে টান পড়ায় ইনিংসটি দীর্ঘ হয়নি বলে আক্ষেপ করেছেন তিনি, ‘যদি আমার পুরো ক্যারিয়ার দেখেন, প্রিমিয়ার লিগ আমি সব সময় ভালো খেলি। অনেক উপভোগও করি। উইকেট ভালো ছিল। আমি চেষ্টা করেছি যত লম্বা সময় ব্যাটিং করা যায়। এক শ হয়েছে, তবে যে রকম উইকেট ছিল, ১৪০ বা দেড় শ করাও সম্ভব ছিল। যখন ক্র্যাম্প করেছে, তখন ৮ ওভার বাকি ছিল। ৮ ওভার ব্যাটিং করলে হয়তো আরও ৪০-৫০ রান করা সম্ভব হতো।’
বিকেএসপির আরেক মাঠে শেখ জামাল সহজেই হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। ৫ উইকেটে ২৯৭ রান করা নুরুল হাসানের দল প্রতিপক্ষকে ২৪৮ রানে অলআউট করেছে। ১৩৯ বল খেলে ১২২ রানের দারুণ এক ইনিংসে ম্যাচসেরা ইমরুল কায়েস। এ ছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ হাসানের ব্যাট থেকে আসে ৭৯ বলে ৭৮ রান। অধিনায়ক নুরুল ৬৩ বলে ৬৪ রান করেন। ৫ উইকেট নিয়ে রূপগঞ্জ ব্যাটিং অর্ডারে ধস নামান বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে সিটি ক্লাবকে সহজেই হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আগে ব্যাট করে ১৯৯ রান করে সিটি ব্যাংক। কাজী অনিক ইসলামের বাঁহাতি পেস বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি দলটি। লিস্ট ‘এ’ ক্যারিয়ার সেরা ৩০ রানে ৬ উইকেট নিয়ে সিটি ক্লাবের লাইনআপে ধস নামান এই বাঁহাতি। মেহেদী মারুফের ৯০ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।