সবচেয়ে বয়সী টেস্ট ক্রিকেটারের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

খেলোয়াড়ি জীবনে তাঁর কোনো সেঞ্চুরি নেই। থাকার কথাও নয়। ডানহাতি পেসার ছিলেন, ব্যাট করতেন একেবারে নিচের দিকে। একবার ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ছিলেন ৪০ রানে, ৯ টেস্টের ক্যারিয়ারে ওটাই ব্যাট হাতে তাঁর সর্বোচ্চ ইনিংস হয়ে আছে। সেই লিন্ডসে টাকেটই জীবনের ইনিংসে খুব কাছে গিয়েও ‘সেঞ্চুরি’ করতে পারলেন না। ৯৭ বছর ২১২ দিন বয়সে কাল না ফেরার দেশে চলে গেলেন। মৃত্যু হয়েছে ব্লুমফন্টেইনে নিজের বাড়িতেই। গতকাল পর্যন্ত তিনিই ছিলেন এ গ্রহের সবচেয়ে বেশি বয়সী জীবিত টেস্ট ক্রিকেটার।
১৯৪৭ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে যে ৯টি টেস্ট খেলেছিলেন টাকেট, তাতে সব মিলিয়ে তাঁর উইকেট ১৯টি। সেরা বোলিং ৬৮ রানে ৫ উইকেট। টেস্টে সব মিলিয়ে রান করেছিলেন ১৩১।
টাকেটের মৃত্যুর পর এখন জীবিত সবচেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটার ৯৩ বছর ১৪৯ দিন বয়সী দক্ষিণ আফ্রিকান সাবেক অলরাউন্ডার জন ওয়াটকিন্স। ক্রিকইনফো।