সবার আগে বাদ তামিমেরই দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিমের হতাশা বাড়লই। ছবি: শামসুল হক
তামিমের হতাশা বাড়লই। ছবি: শামসুল হক

ছয় আইকনের মধ্যে একমাত্র তিনিই পেয়েছিলেন ঘরের দল। চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল আইকন খেলোয়াড় হয়েছিলেন চিটাগং ভাইকিংসের। এমনিতে পেশাদার খেলোয়াড় তারা, যেকোনো দলে গেলেই নিজের সর্বোচ্চ চেষ্টাটাই করেন। কিন্তু তামিম নিজেও মনে প্রাণে চেয়েছিলেন চট্টগ্রামকেই। লটারির সময় ‘টেনশন’ হচ্ছিল বলেও জানিয়েছিলেন।
সব মিলিয়ে চট্টগ্রামকেই সবচেয়ে সুখী দল মনে হচ্ছিল। বেশ ভারসাম্যপূর্ণ দলও। কিন্তু এবারের বিপিএল থেকে সবার আগে বাদ পড়ল তামিমের দলই। আজ ঢাকা ডায়নামাইটসের কাছে ৪৫ রানে হেরে নিশ্চিত হয়ে গেল চট্টগ্রামের বিদায়।
ম্যাচটা চট্টগ্রাম শুরুই করেছিল বেশ চাপ নিয়ে। নবম ম্যাচ খেলতে নামছে, অথচ ঝুলিতে মাত্র ৪ পয়েন্ট। ছয় দলের টুর্নামেন্টে পয়েন্ট তালিকায় সবার শেষে স্থান। টিকে থাকতে হলে জিততেই হবে—এমন চ্যালেঞ্জের সামনে লক্ষ্যটাও খুব কঠিন ​কিছু ছিল না। ১২২ হলেই জয়, সেই ম্যাচে চট্টগ্রাম ১৬.৫ ওভারে ৭৬ রানে অলআউট। টুর্নামেন্টের সর্বোচ্চ রানের (২৯৮) মালিক তামিম নিজেও আজ ব্যর্থ ব্যাট হাতে। করেছেন মাত্র ৮। ব্যর্থ আসলে প্রত্যেকেই। সর্বোচ্চ ১৪ এসেছে উমর আকমলের ব্যাটে। ১৪ রান এসেছে অতিরিক্ত খাত থেকেও! এই তো বাকি ব্যাটসম্যানদের অবস্থা।
টস ভাগ্যটা সঙ্গেই ছিল। টস জিতে বোলিং নিয়েছিলেন তামিম। ম্যাচ শেষে ঢাকার অধিনায়ক কুমার সাঙ্গাকারাও বলছিলেন, টস জিতলে তিনিও বোলিংই নিতে চাইতেন। চট্টগ্রামের বোলাররা দারুণ শুরু এনেও দিয়েছিল। ৩৫ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল ঢাকার। দশ ওভারে তুলতে পেরেছিল মাত্র ৪৬। সেখান থেকে সাঙ্গাকারার ৩৬ বলে ৩৮ রানের ইনিংসটা সামলে নেয় চট্টগ্রামকে। মোসাদ্দেকের ২৯ বলে ২৪ রানের ইনিংসটাও ভূমিকা রাখে। ওয়ালারের ১০ বলে ১৯ ঢাকাকে ১২১ রানের পুঁজি এনে দেয়। আমির আজও দারুণ বোলিং করে ১৮ রানে নিয়েছেন ৩ উইকেট, যার মধ্যে ১ রানেই হাফিজকে ফেরানোর পর তাঁর উল্লাসটা হলো দেখার মতো। ২১ রানে ৩ উইকেট নিয়েছেন শফিউলও।
বিপিএলের গত কিছুদিনের ম্যাচগুলো বিবেচনায় নিলে ১২১ ভালো পুঁজিই বলতে হবে। সেটিকে আরও ভালো করে দিয়েছেন মোশাররফ-মুস্তাফিজরা। ১৬ রানে ৪ উইকেট নিয়েছেন মোশাররফ। ৭ রানে ২ উইকেট মুস্তাফিজের। চোটের কারণে ব্যাটিং করতে পারেননি জিয়া। কিন্তু চট্টগ্রামের সাত ব্যাটসম্যানও ছুঁতে পারেনি দুই অঙ্ক।
শেষ ম্যাচটা নিয়মরক্ষার হয়ে গেল চট্টগ্রামের জন্য।

সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১২১/৮ (সৈকত ৩, ইয়াসির ১০, হাফিজ ১, সাঙ্গাকারা ৩৮, নাসির ১০, মোসাদ্দেক ২৪, ওয়ালার ১৯, আবুল হাসান ৪, মোশারফ ২*, নাবিল ০*; আমির ৩/১৮, বিলাওয়াল ১/২৪, আসিফ ১/৬, শফিউল ৩/২১, দিলশান ০/২৯, সানি ০/১৫)১
চিটাগং ভাইকিংস: ১৬.৫ ওভারে ৭৬ (তামিম ৮, দিলশান ৪, এনামুল ৯, ইয়াসির আলী ২, উমর আকমল ১৪, সানি ১০, বিলাওয়াল ১১, আমির ০, শফিউল ০; নাবিল ০/১৫, আবুল হাসান ১/৮, মুস্তাফিজ ২/৭, ইয়াসির শাহ ১/১৪, মোশাররফ ৪/১৬, নাসির ০/৭)
ফল: ঢাকা ৪৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোশাররফ হোসেন।