সবার আগে মাঠে মুশফিক

বেলা ১২টা ৩৬ মিনিট। সবার আগে মাঠে পা রাখলেন কে? মুশফিকুর রহিম। মাঠে এসেই নেটে ডেকে নিলেন টিম বয় নাসিরকে। প্রথমে ড্রাইভ শট অনুশীলন করলেন। তারপর স্লগ সুইপ। নাসির বল ছুড়তে লাগলেন। অক্লেশে ঝাড়া আধঘণ্টা ব্যাট করলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। তারপর মাঠে এলেন দলের বাকিরা।
সাদা পোশাক ছেড়ে গায়ে উঠেছে রঙিন বল। লাল বল বাদ, এবার সাদা বলে খেলা। মুশফিকেরও পরিচয় বদলে গেছে। অধিনায়কত্ব উঠেছে মাশরাফি বিন মুর্তজার হাতে। মুশফিক এখন দলের একজন সাধারণ সদস্য। তিন ভূমিকায় নয়, দুই ভূমিকায় দেখা যাবে তাঁকে—ব্যাটসম্যান ও উইকেটকিপার। কিন্তু একটি বিষয় বদলায়নি। মুশফিকের সেই একই রকম নিবেদন, দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার তিনি। প্রতিভা আছে, সেটি না থাকলে তিন ধরনের ক্রিকেটেই দেশের অন্যতম প্রধান ব্যাটসম্যান হতে পারেন না। তবে মুশফিক নিশ্চিতই শচীন টেন্ডুলকারের নীতিতে বিশ্বাসী। প্রতিভা থাকলেই চলে না। সেটিকে ঘষামাজা করে ধারালো করে রাখতে হয়।
সব সময়ই দলে অবদান রাখতে চান মুশফিক। টেস্ট সিরিজ শেষ, তাঁর হাত ধরেই এসেছে জয়। উইকেটের সামনে-পেছনে ছিলেন সমান উজ্জ্বল। এবার ওয়ানডে সিরিজে নতুন করে ‘গার্ড’ নিতে চান। তা না হলে এমন ব্যাটিং সাধনা কেন?
আরেকটি বিষয়ও নিশ্চয়ই মুশফিকের মাথায় আছে। চার বছর আগে, ২০১৩ শ্রীলঙ্কা সফরে শ্রীলঙ্কার মাঠে বাংলাদেশের প্রথম জয়টি এসেছিল তাঁর অধিনায়কত্বে। মাশরাফি, সাকিব, তামিমকে ওই সিরিজে খেলতে দেয়নি চোট। প্রায় নতুন চেহারার একটি দল নিয়েই তবু পাল্লেকেলেতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি জিতেছিল বাংলাদেশ। জয় এসেছিল ৩ উইকেটে। এনামুল ও আশরাফুলের ৭৭ রানের ওপেনিং জুটির পর নাসির-সোহাগ গাজীর অবিচ্ছিন্ন অষ্টম উইকেট জুটিতেই বাংলাদেশ ছুঁয়ে ফেলেছিল ১৮৩ রানের লক্ষ্য। ম্যাচে ব্যাটিং থেকে মুশফিকের অবদান ছিল মাত্র ৯ রান। থিসারা পেরেরার সরাসরি থ্রোতে হয়ে গিয়েছিলেন রানআউট।
ডাম্বুলায় চলমান ম্যাচটিতেই মুশফিক সেই আক্ষেপ ঘোচাতে চেয়েছিলেন। কিন্তু সাব্বির ৫৪ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে কভারে ক্যাচ হয়ে ফেরার পরের ওভারেই আউট হয়ে গেলেন। চায়নাম্যান বোলার লক্ষণ সান্দাকানকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে কোনো রানই করতে পারেননি মুশফিক। ৩২ ওভারে বাংলাদেশ ৩ উইকেটে ১৭৫।