সবার আগে মুস্তাফিজের ফিটনেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুস্তাফিজুর রহমান কি শেষ পর্যন্ত সাসেক্সের হয়ে খেলতে যাবেন? প্রশ্নটা কোটি টাকার। তরুণ এই ক্রিকেটারের সামনে এক দিকে ইংলিশ কন্ডিশনে খেলার হাতছানি। আরেক দিকে সুস্থ থাকার আবশ্যকতা। শেষ পর্যন্ত কোন দিকে যাবেন ‘কাটার মাস্টার’?

কাল বিসিবি সভাপতি নাজমুল হাসানের কাছে জানতে চাওয়া হয়েছিল, মুস্তাফিজের ইংল্যান্ডে খেলতে যাওয়ার সম্ভাবনা কতটুকু? উত্তরে নির্দিষ্ট করে কিছু না বললেও সভাপতি জানিয়ে দিলেন, সবার আগে মুস্তাফিজের শারীরিক অবস্থাকেই গুরুত্ব দেবে বোর্ড, ‘ও কাউন্টিতে খেললে আমাদের জন্য ভালো। ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে। তবে সবার আগে ফিটনেস। এখন পর্যন্ত আমরা যে রিপোর্ট পেয়েছি তাতে তার শারীরিক অবস্থা অত ভালো না। আমরা ঝুঁকি নেব না। যদি দেখি সে ফিট আছে তো খেলতে যেতে পারে।’

অবশ্য ভারতে খাদ্যাভ্যাসের সমস্যার কারণে ওজন কেজি দুয়েক কমে যাওয়া ছাড়া মুস্তাফিজের বড় কোনো শারীরিক সমস্যা নেই বলেই জানা গেছে। তবে মানসিক অবসাদে এতটাই ক্লান্ত যে, আইপিএল থেকে ফিরে বলেছিলেন, সাসেক্স-মোহামেডান; কোথাওই আপাতত খেলবেন না। এরপর চলে যান সাতক্ষীরায়। সপ্তাহ দুয়েক বিশ্রাম নিয়ে ঢাকায় ফেরার কথা তিন-চার দিনের মধ্যে।

সাতক্ষীরায় পরিবার-পরিজনের সঙ্গে থেকে মানসিক অবসাদ কিছুটা হয়তো দূর হয়েছে মুস্তাফিজের। তবে খেলায় ফেরার জন্য শারীরিক ফিটনেসটাও পুরোপুরি ফেরা দরকার। ঢাকায় ফেরার পর শুরু হবে তাঁর পুনর্বাসনপ্রক্রিয়া।