সবার আগে সুপার লিগে গাজী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বৃষ্টিও পারল না গাজী গ্রুপ ক্রিকেটার্সের জয়যাত্রা থামাতে। কাল বিকেএসপিতে যখন বৃষ্টি এসে শেষবারের মতো থামিয়ে দিল গাজী গ্রুপ-শেখ জামাল ধানমন্ডি ম্যাচ, ততক্ষণে নিশ্চিত হয়ে গেছে গাজীর টানা অষ্টম জয়। ডাকওয়ার্থ-লুইস (ডি/এল) পদ্ধতিতে ৪৩ ওভারে ২৩৭ রানের লক্ষ্য পায় গাজী। ২০.৫ ওভারে ২ উইকেটে ১১৪ রান তোলার পর আবারও বৃষ্টি। এবার আর খেলাই শুরু করা গেল না। ডি/এল হিসাবে এগিয়ে থাকা গাজী ২৪ রানে জিতে প্রথম দল হিসেবে নিশ্চিত করে ফেলে সুপার লিগ।
কাল অন্য দুই ম্যাচেও পরে ব্যাট করা দল ডি/এল হিসাবে রানের ব্যবধানে জিতেছে। ফতুল্লায় প্রাইম ব্যাংক নবাগত পারটেক্সকে ৩৭ রানে ও বিকেএসপির তিন নম্বর মাঠে ব্রাদার্স ১৭ রানে হারিয়েছে কলাবাগানকে। গতকালের হারে অবনমনের শঙ্কায় পড়ে গেল আট ম্যাচের সাতটিতেই হারা পারটেক্স ও কলাবাগান।
বিকেএসপিতে বৃষ্টিতে ছোট হয়ে আসা ম্যাচে ৪৩ ওভারে ৯ উইকেটে ২৩২ রান তোলে শেখ জামাল। এরপর শুধু ডি/এল হিসাবে পাওয়া ২৩৭ রানের লক্ষ্যেই নয়, গাজীকে চোখ রাখতে হয়েছে মেঘলা আকাশের দিকেও। ৩১ রানে ওপেনার এনামুল হক আউট হলেও দ্বিতীয় উইকেটে ১২.২ ওভারে ৬৮ রান তুলে হিসাবটাকে নিজেদের অনুকূলে রাখেন জহুরুল ইসলাম ও মুমিনুল হক। ৯৯ রানে মুমিনুলের বিদায়ের পর গাজীর একমাত্র প্রার্থনা ছিল বৃষ্টি এলে যেন ২০ ওভার শেষ হওয়ার পরেই আসে।
বিকেএসপির অন্য মাঠে ৪২.২ ওভারে ১৭১ রানে অলআউট কলাবাগান। ডি/এলের হিসাবে ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করা ব্রাদার্স ২২.২ ওভারে ১ উইকেটে ৮২ রান তোলার পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। প্রয়োজনীয় হিসাবের চেয়ে তখনই ব্রাদার্স এগিয়ে ১৭ রানে। ২০১৩ সালের পর এবার কলাবাগানের হয়ে প্রিমিয়ার লিগে ফেরা মোহাম্মদ আশরাফুল খেলেননি কাল। শাশুড়ি অসুস্থ, রান না পেয়ে নিজের ওপরও আছে হতাশা। কলাবাগান অধিনায়ক তাই নিজেই বিশ্রাম চেয়ে নিয়েছেন এ ম্যাচে।
ফতুল্লায় নির্বিঘ্নেই শেষ হয় পারটেক্সের ইনিংস। জনি তালুকদার ও যতীন সাক্সেনার উদ্বোধনী জুটি ১৩.৩ ওভারে ৭৮ রান তুললেও পারটেক্স ৪৬.২ ওভারে অলআউট ১৯২ রানে। ১৪৬ থেকে ১৯২—এই ৪৬ রানে পড়ে শেষ ৮ উইকেট। রনি তালুকদারের সহোদর জনি করেছেন সর্বোচ্চ ৬৯ রান।
প্রাইম ব্যাংকের ইনিংস শুরু হতে দেরি হলো বৃষ্টিতে। ৪০ ওভারে ১৭৫ রানের পরিবর্তিত লক্ষ্য। ব্যাংক দল ২৪ ওভারে বিনা উইকেটে ১১৪ রান তুলে ফেলার পর খেলা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফিফটি পেয়েছেন দুই ওপেনারই।
স ং ক্ষি প্ত স্কো র
* প্রাইম ব্যাংক-পারটেক্স, ফতুল্লা
পারটেক্স: ৪৬.২ ওভারে ১৯২ (জনি ৬৯, সাক্সেনা ৪০; অপু ৩/২৩, আসিফ ২/৩৪)। প্রাইম ব্যাংক : ২৪ ওভারে ১১৪/০ (জাকির ৫৫*, মারুফ ৫২*)।
ফল: প্রাইম ব্যাংক ৩৭ রানে জয়ী (ডি/এল)।
ম্যান অব দ্য ম্যাচ: জাকির হাসান।
* কলাবাগান-ব্রাদার্স, বিকেএসপি-৩
কলাবাগান: ৪২.২ ওভারে ১৭১ (মেহরাব জু. ২৮, মুক্তার ২৮; বিসলা ৩/২৩, নিহাদুজ্জামান ২/২২)। ব্রাদার্স: ২২.২ ওভারে ৮২/১ (জুনায়েদ ৩৮*, বিসলা ৩১*; আবুল হাসান ১/২৫)।
ফল: ব্রাদার্স ১৭ রানে জয়ী (ডি/এল)।
ম্যান অব দ্য ম্যাচ: মানবিন্দর বিসলা।
* গাজী গ্রুপ-শেখ জামাল, বিকেএসপি-৪
শেখ জামাল: ৪৩ ওভারে ২৩২/৯ (তানভীর ৫৭, ফজলে ৩৮, চোপরা ৩৫; মেহেদী ২/৩৬, হায়দার ২/৪৭)। গাজী গ্রুপ: ২০.৫ ওভারে ১১৪/২ (জহুরুল ৪৯*, মুমিনুল ৪৬; তানভীর ১/১৭)।
ফল: গাজী গ্রুপ ২৪ রানে জয়ী (ডি/এল)।
ম্যান অব দ্য ম্যাচ: জহুরুল ইসলাম।

* এক বা একাধিক দলের পয়েন্ট সমান হলে প্রথমেই দেখা হবে কারা বেশি ম্যাচ জিতেছে।
* জয়ের সংখ্যা সমান হলে বিবেচ্য হবে দলগুলোর মুখোমুখি লড়াইয়ের হিসাব।
* এরপরও আলাদা করা না গেলে দেখা হবে নেট রান রেট।