সবার আগে সুপারসিক্সে প্রাইম দোলেশ্বর

আগের ম্যাচেই সুপার সিক্স নিশ্চিত করার সুযোগ ছিল প্রাইম দোলেশ্বরের। কিন্তু আবাহনীর সঙ্গে নাটকীয় ম্যাচটিতে হেরে বসে সে সুযোগ হাতছাড়া করেছিল গতবারের রানার্সআপরা। আজ আর ভুল করেনি দোলেশ্বর। গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৫ উইকেট হারিয়ে সবার আগে ঢাকা প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্বে চলে গেল ফরহাদ রেজার দল।
প্রথম ইনিংসেই ম্যাচের ফল নিজেদের পক্ষে নিয়ে যায় দোলেশ্বর। ব্যাটসম্যানদের ব্যর্থতা ও দোলেশ্বর বোলারদের দারুণ পারফরম্যান্স মিলিয়ে ৫০ ওভারে ৮ উইকেটে মাত্র ২১৩ রানেই থেমে যায় গাজী গ্রুপ। ২৯ রানে ৩ উইকেট পেয়েছেন অশোক মেনারিয়া। রান তাড়া করতে নেমেও দোলেশ্বরকে পথ দেখিয়েছেন ভারতীয় এই অলরাউন্ডার। ৭০ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে দোলেশ্বর। প্রথমে নাসির হোসেন (৪০) ও পরে রনি তালুকদারকে (৪৩) নিয়ে দুটি জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন মেনারিয়া। ৫১ বলে ২ ছক্কা ও ২ চারে ৫৯ রান করে অপরাজিত ছিলেন এই ভারতীয় অলরাউন্ডার।