সবার ওপরে তামিম

৫৭২ থেকে এক লাফে ৭১৪। নিজেকে তো বটেই, তামিম ইকবাল ছাড়িয়ে গেলেন আরও অনেককেই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিপক্ষে আজ ১৪২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে প্রিমিয়ার লিগে এখন সবচেয়ে বেশি রান আবাহনীর অধিনায়কের।
তামিম সেঞ্চুরি করলে দলের স্কোর কেমন দাঁড়ায়, সেটা সবারই জানা। আবাহনী প্রাইম ব্যাংকের সামনে লক্ষ্য দিয়েছে ৩১৭ রানের। তামিমের ১৩২ বলে ১৪২ রানের তাণ্ডবে ইনিংসের সঙ্গে তাতে তরুণ মোসাদ্দেক হোসেনের অবদানও অনেক। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে আগের ম্যাচেই করেছেন ৫৫ বলে ৭৩। সে ধারাবাহিকতা ধরে রেখেই এবার করলেন ৭৪ বলে ৭৮।
৯৭ রানে ৩ উইকেট পড়ার পর তামিম-মোসাদ্দেকের চতুর্থ উইকেট জুটিতে আসা ১৭৩-ই ৩০০ পার হওয়ার সিঁড়িতে তুলে দেয় ১৮তম লিগ শিরোপা জয়ের আনুষ্ঠানিকতার অপেক্ষায় থাকা আবাহনীকে। ৭ নম্বরে নেমে মাত্র ১০ বলে ২৬ রান করে ঝড়ের ঝাপটাটা শেষ পর্যন্ত ধরে রাখেন আবুল হাসান।
ব্যাট হাতে তামিম বেশি আক্রমণাত্মক ছিলেন, নাকি মোসাদ্দেক, সেটা অবশ্য একটা প্রশ্ন। এবারের লিগে নিজের দ্বিতীয় সেঞ্চুরির পথে ১১ বাউন্ডারির সঙ্গে চার ছক্কা তামিমের। মোসাদ্দেক তার চেয়ে দুটি ছয় বেশি মারলেও বাউন্ডারি মেরেছেন তিনটি।
দুজনের সম্মিলিত ঝড়ে সবচেয়ে বেশি নিষ্পেষিত হয়েছেন প্রাইম ব্যাংকের অফ স্পিনার শুভাগত হোম চৌধুরী। ৮ ওভারে ৫০ রান দিয়েছেন, এর মধ্যে ২৫-ই ইনিংসের ৪২তম ওভারে। প্রথম বলেই তামিমের ছক্কা। তৃতীয়, পঞ্চম ও শেষ বলে আরও তিন ছক্কা এসেছে মোসাদ্দেকের ব্যাট থেকে। বাঁহাতি স্পিনার মনির হোসেনকে তামিম পরের ওভারেও মেরেছেন দুই ছক্কা। তামিম-মোসাদ্দেক-হাসানের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ ১০ ওভারে আবাহনী তুলেছে ১১৭।
এখন আবাহনীর বোলারদের পালা দলকে শিরোপার একেবারে নিশ্বাস দূরত্বে নিয়ে যাওয়ার।