সবার ওপরে প্রাইম ব্যাংক

ম্যাচ যত ছোটই হোক, রকিবুল হাসান ম্যাচ রেফারি থাকলে খেলা শেষের আনুষ্ঠানিকতায় বাড়তি রং চড়বেই। কাল বিকেলেও ফতুল্লায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দিতে দিতে সৌম্য সরকারকে বললেন, ‘কিছু বলো...ইংরেজিতে।’ সৌম্য লাজুক হাসতেই রকিবুলের দুষ্টুমি, ‘আরে তুমি তো অস্ট্রেলিয়ায় যাচ্ছ...সেখানে বলতে হবে না!’
‘অস্ট্রেলিয়ায় যাচ্ছ’ কথাটা প্রতীকী। এটা বলে সৌম্যের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার সম্ভাবনার কথাই আসলে বুঝিয়েছেন রকিবুল। এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগটা দারুণ কাটছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার সৌম্যের। গত ম্যাচের আগের ম্যাচে বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৮১ রানের দারুণ এক ইনিংস খেলার পর কাল করলেন ৬৯ বলে ৬১। এবারের লিগে নিজের তৃতীয় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হাতে নিয়ে বললেন, ‘এ বছরের শেষটা আমার খুব ভালো হচ্ছে। দোয়া করবেন, সামনের বছরও যেন শুরু থেকে ভালো খেলতে পারি।’
কুয়াশার কারণে যথারীতি কালও খেলা শুরু হয়েছে এক ঘণ্টা দেরিতে, ম্যাচ হয়েছে ৪৫ ওভারের। কলাবাগান ক্রিকেট একাডেমি তাতে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৮৮ রান করতে পারল। সৌম্য আর সৈকত আলীর ১১৩ রানের উদ্বোধনী জুটি এই স্কোর টপকানো ডাল-ভাত করে দেয় প্রাইম ব্যাংকের জন্য। ইনিংসের ৮ ওভার বাকি থাকতেই ৬ উইকেটে জয়। কালই মিরপুরে প্রাইম দোলেশ্বরের কাছে শীর্ষে থাকা আরেক দল আবাহনী হেরে যাওয়ায় ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে প্রাইম ব্যাংক এখন এককভাবে শীর্ষে।
১১৩ রানে সৌম্যের বিদায়ের পর অবশ্য ছোটখাটো একটা বিপর্যয়ে পড়ে প্রাইম ব্যাংক। দুই ওভারের মধ্যে এদিন প্রথম খেলতে নামা কলাবাগান ক্রিকেট একাডেমির ইংলিশ ক্রিকেটার ড্যারেন স্টিভেন্সের বলে লং অনে ক্যাচ তুলে দেন আরেক ওপেনার সৈকত (৪৯)। দলের ১৩৬ রানের সময় বিদায় শুভাগত হোম চৌধুরীরও। তবে ওই পর্যন্তই। এরপর অধিনায়ক মাহমুদউল্লাহর (২৭) উইকেট হারালেও ততক্ষণে প্রাইম ব্যাংকের রান ১৭৪। তুলির শেষ আঁচড়টা দিতে একদমই বেগ পেতে হয়নি শ্রীলঙ্কান থিলান কান্দাম্বি আর তাইবুর পারভেজের।
টসে জিতে কলাবাগান ক্রিকেট একাডেমির শুরুটা হয়েছিল খুবই টালমাটাল। শেষ পর্যন্ত স্কোর ৮ উইকেটে ১৮৮ হলেও প্রথম ৩০ ওভারে রান উঠেছিল ৪ উইকেটে ৯৮! শেষ ১৫ ওভারে ৯০ রান ওঠার কৃতিত্ব সাব্বির রহমান, মেহেদী হাসান (৩১) আর নাজমুল হোসেনের (২৮)। ফরহাদ রেজার বলে রান নিতে গিয়ে ফরহাদেরই সরাসরি থ্রোতে রান আউট হওয়ার আগে ৩২ বলে সাব্বির করেছেন ২৫ রান। কলাবাগান একাডেমির ইনিংসের দুটি ছক্কাও তাঁরই। এনামুল হক জুনিয়রের বলে প্রথমটি লং অন দিয়ে, তাইজুল ইসলামকে স্লগ সুইপে মারা পরেরটি মিড উইকেট দিয়ে ভাসিয়ে। কিন্তু ম্যাচ শেষে তাঁর এই আনন্দটা আর থাকেনি।
সংক্ষিপ্ত স্কোর
কলাবাগান ক্রিকেট একাডেমি: ৪৫ ওভারে ১৮৮/৮ (মাহমুদুল ৩৩, মেহেদী ৩১, নাজমুল ২৮, সাব্বির ২৫, নাফিস ২১; তাসকিন ২/৪২, এনামুল জুনিয়র ২/৪৬)।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৩৭ ওভারে ১৯১/৪ (সৌম্য ৬১, সৈকত ৪৯, মাহমুদউল্লাহ ২৭; স্টিভেন্স ২/৩৮)। ]
ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট একাডেমি ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সৌম্য সরকার।