সবার ওপরে শাহরিয়ার

শাহরিয়ার নাফীস রানের মধ্যেই ছিলেন। কিন্তু বড় হচ্ছিল না ইনিংসগুলো। বারবার ফিফটিতেই আটকে যাচ্ছিলেন। তাই শেষ রাউন্ডের ম্যাচের আগে বলেছিলেন, এবার চেষ্টা করবেন সেঞ্চুরি করার। শাহরিয়ার কথা রেখেছেন। বগুড়ায় চট্টগ্রামের বিপক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরি করে এবারের মৌসুমটা শেষ করলেন বরিশালের এই ব্যাটসম্যান।
প্রথম ইনিংসে ১৬৮ রানের পর কাল দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৭৪। বাংলাদেশের নবম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে পেলেন জোড়া সেঞ্চুরি। আর মাত্র ২৬টি রান পেলেই মিনহাজুল আবেদীনের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে পেতে পারতেন একই ম্যাচে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি। কিন্তু এ নিয়ে কোনোই আক্ষেপ নেই ‘ক্লান্ত’ শাহরিয়ারের, ‘দুই দলের খেলোয়াড়েরাই খুব ক্লান্ত ছিল। তা ছাড়া ড্র মেনে নেওয়ার আগে অধিনায়ক আমার সঙ্গে কথা বলেছেন। আমার কোনো আপত্তি ছিল না।’
তবে এর আগেই জাতীয় লিগে এক ম্যাচে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটা নিজের করে নিয়েছেন শাহরিয়ার। ম্যাচে মোট ৩৪২ রান করে পেছনে ফেললেন মিনহাজুলকেই। ২০০১-০২ মৌসুমে ময়মনসিংহে ঢাকা বিভাগের বিপক্ষে ৩২০ রান করেছিলেন মিনহাজুল।
এই ম্যাচের ৩৪২ রান নিয়ে ২০১৫ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৬ ইনিংসে মোট ১৭১০ রান শাহরিয়ারের। গতকাল পর্যন্ত তাঁর চেয়ে বেশি রান ছিল শুধু অস্ট্রেলিয়ার অ্যাডাম ভোজেস (১৮৮৭) ও ইংল্যান্ডের জেমস হিলড্রেথের (১৭৫৮)।
