সবার ওপরে স্মিথ ও অশ্বিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর শেষে মিলে গেল পরিসংখ্যান ও র্যা ঙ্কিং। ২০১৫ সালে টেস্টে সবচেয়ে বেশি ১৪৭৪ রান স্টিভেন স্মিথের। অস্ট্রেলিয়ার অধিনায়কই ২০১৫ সালের সর্বশেষ টেস্ট র্যা ঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। বোলিংও পরিসংখ্যানকে অনুসরণ করেছে কাল প্রকাশিত র্যা ঙ্কিংয়ে। গত বছর টেস্টে সবচেয়ে বেশি ৬২ উইকেট নেওয়া রবিচন্দ্রন অশ্বিনই এখন বিশ্বের এক নম্বর বোলার।
আনুষ্ঠানিকভাবে আইসিসি র্যা ঙ্কিংয়ের যাত্রা শুরু ১৯৮৭ সালে। আর কালই প্রথম টেস্ট বোলিং র্যা ঙ্কিংয়ে শীর্ষে উঠলেন ভারতীয় কোনো বোলার। তথ্য-উপাত্ত ও পরিসংখ্যান ঘেঁটে বের করা ঐতিহাসিক র্যা ঙ্কিংকে বিবেচনায় নিলে অবশ্য শীর্ষে ওঠা দ্বিতীয় ভারতীয় বোলার অশ্বিন। ১৯৭৩ সালে এক নম্বরে উঠেছিলেন বাঁহাতি স্পিনার বিষেণ সিং বেদি। বেদি আর অশ্বিনের মাঝে ভারতীয় বোলারদের সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল সর্বোচ্চ ২।
গত মাসের শুরুতে বাংলাদেশের সাকিব আল হাসানকে সরিয়ে টেস্টের এক নম্বর অলরাউন্ডারের জায়গা পুনরুদ্ধার করেছেন অশ্বিন। এবার বোলিংয়ে শীর্ষস্থান দখল করতে ভারতীয় অফ স্পিনার ভাগ্যেরও সহায়তা পেয়েছেন। পরশু শেষ হওয়া ডারবান টেস্টে ডেল স্টেইনের চোট অশ্বিনকে এক নম্বরে তুলে দিতে রেখেছে বড় ভূমিকা। ডারবান টেস্টের আগে মাত্র ৪ পয়েন্টের পার্থক্য ছিল অশ্বিন-স্টেইনের। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেট নিলেও দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার দ্বিতীয় ইনিংসে বল করতে পেরেছেন মাত্র ৩.৫ ওভার। আর তাতেই অনেক দিন পর পরিবর্তন এল বোলারদের শীর্ষস্থানে। সর্বশেষ র্যা ঙ্কিংয়েও ৪ পয়েন্টের ব্যবধান অশ্বিন-স্টেইনের, তবে এবার এগিয়ে অশ্বিন।
ব্যাটিংয়ে শেষ হয়েছে কেন উইলিয়ামসনের ১০ দিনের রাজত্ব। মেলবোর্নে স্মিথের অসাধারণ ব্যাটিং (১৩৪* ও ৭০*) ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিককে দুইয়ে ঠেলে দিয়েছে। ব্যাটিংয়ে শীর্ষে ওঠার সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ইংল্যান্ডের জো রুট ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারেরও। আইসিসি বিজ্ঞপ্তি।
টেস্ট র্যা ঙ্কিংয়ে সেরা পাঁচ
ব্যাটসম্যান
১ (+৩) স্টিভেন স্মিথ ৮৯৯
২ (-১) কেন উইলিয়ামসন ৮৮৯
৩ (-১) জো রুট ৮৮৮
৪ (-১) এবি ডি ভিলিয়ার্স ৮৭৭
৫ (-) ডেভিড ওয়ার্নার ৮২৭
বোলার
১ (+১) রবিচন্দ্রন অশ্বিন ৮৭১!
২ (-১) ডেল স্টেইন ৮৬৭
৩ (+২) স্টুয়ার্ট ব্রড ৮৫৯!
৪ (-১) ইয়াসির শাহ ৮৪৬!
৫ (-২) জেমস অ্যান্ডারসন ৮৩৮
অলরাউন্ডার
১ (-) রবিচন্দ্রন অশ্বিন ৪০৬
২ (-) সাকিব আল হাসান ৩৮৪
৩ (-) স্টুয়ার্ট ব্রড ৩২৬
৪ (-) ভারনন ফিল্যান্ডার ২৯৩
৫ (-) রবীন্দ্র জাদেজা ২৫৯!
* বন্ধনীতে অবস্থান পরিবর্তন
! ক্যারিয়ার-সর্বোচ্চ রেটিং পয়েন্ট