সবার কথাই বললেন তামিম
ম্যান অব দ্য ম্যাচ হওয়ায় সাকিব আল হাসানের ওপরই আলোটা পড়ছে বেশি। তবে মিরপুর টেস্টের দুই ইনিংসেই তামিম ইকবালের ব্যাট যে রকম নির্ভরতা দিল, তাতে ট্রফিটা তাঁর হাতে উঠলেও অবাক হওয়ার কিছু থাকত না।
তবে তামিমের এ নিয়ে কোনো আফসোস নেই, ‘দলের জন্য অবদান রাখতে পারাটাই সবচেয়ে বড়। এ রকম উইকেটে রান করা সহজ নয়। এখানে রান করা অস্বাভাবিক, আউট হওয়াটাই স্বাভাবিক। তারপরও আমি দুই ইনিংসেই রান করেছি, সে জন্যই বেশি ভালো লাগছে।’
টেস্টের সহ-অধিনায়কের চোখে সাকিবের পারফরম্যান্স ‘প্রবল ব্যতিক্রম’। তবে তিনি মনে করিয়ে দিলেন অন্যদের কথাও, ‘আমি বা সাকিব কী করেছি সেসবের সঙ্গে শফিউলের ওই তিনটা চার, প্রথম ইনিংসের রানটা ২২০ থেকে ২৬০-এ নিয়ে যাওয়ায় মিরাজের অবদান, তাইজুলের ৩ উইকেট, সাব্বির-মুশফিকের জুটি, মুশফিকের ৪০, সৌম্যের অসাধারণ দুটি ক্যাচ...এগুলোর কথাও বলা উচিত। এর কোনোটা ছাড়াই জয় সম্ভব ছিল না।’
তৃতীয় দিন শেষে তামিম বলেছিলেন টেস্টে দুই দলের জয়ের সম্ভাবনা সমান। কিন্তু প্রায় দশ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা থেকে মন বলছিল, জিতে যাবে বাংলাদেশ, ‘আমি এ রকম অনেক ম্যাচ দেখেছি যে একটা ভালো জুটি হয়। যখন জুটিটা ভাঙে তখন দল হেরে যায়। ওয়ার্নারের আউটের পরই আমাদের সম্ভাবনা বেড়ে যায়। এমন যদি হতো জয় থেকে ৬০-৭০ রান দূরে থাকতে ওদের জুটি ভাঙত, তাহলে আমাদের কাজটা সহজ ছিল না।’
সিরিজ শুরুর আগে ২-০-এর লক্ষ্যের কথা বলেছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেটা হবে কি না তা চট্টগ্রাম টেস্টের পরই বলা যাবে। তবে এটুকু নিশ্চিত, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা হারছে না বাংলাদেশ। তামিম তো বরং আশাই দেখালেন, ‘নিজেদের কাজগুলো সঠিকভাবে করতে পারলে চট্টগ্রামেও আমাদের ভালো সুযোগ থাকবে জেতার।’