কারা পাবে মোস্তাফিজুর রহমানকে? বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কোন দলের হয়ে এবার খেলবেন বাঁহাতি পেসার?
এসব প্রশ্নের উত্তর মিলবে আজ দুপুরে। ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বিপিএলের পঞ্চম আসরের প্লেয়ার্স ড্রাফট আজই। বিপিএলের সাতটি ফ্র্যাঞ্চাইজি পছন্দের খেলোয়াড় বেছে নেবে ১০২ জন দেশি ও ২০৮ জন বিদেশি ক্রিকেটারের মধ্য থেকে। তবে মূল আকর্ষণ যে মোস্তাফিজ তা না বললেও চলে।
সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি, মাহমুদউল্লাহ, সৌম্য, সাব্বির—এই সাত আইকন খেলোয়াড়কে আগেই বেছে নিয়েছে সাত দল। আইকন হিসেবে বরিশাল বুলস দলে টেনেছিল মোস্তাফিজকেও। তবে আর্থিক অব্যবস্থাপনার দায়ে বরিশালের ফ্র্যাঞ্চাইজিকে শেষ মুহূর্তে নিষিদ্ধ হতে হয়েছে। আইকন মর্যাদা হারিয়ে এখন তাই একমাত্র ‘এ’ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার ‘কাটার মাস্টার’। বরিশালের দুর্ভাগ্য, কিন্তু এতেই যে একটু রোমাঞ্চ ছড়াচ্ছে ড্রাফটে। জাতীয় দল ও আশপাশে থাকা ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির বেশির ভাগ খেলোয়াড়কে ধরে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো ড্রাফটের উত্তেজনা কমিয়ে দিয়েছে আগেই।
তবে আজ ড্রাফটে দেশি-বিদেশি মিলিয়ে আরও নয়জন খেলোয়াড়কে কিনতেই হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। গতকাল বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক বলেছেন, ‘প্রতিটি দলকেই কমপক্ষে দুজন বিদেশি ও সাতজন দেশি ক্রিকেটারকে কিনতে হবে।’
লটারিভিত্তিক বাছাইয়ে আজ স্থানীয় খেলোয়াড়দের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে আছেন শুধু বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। এ ছাড়া ‘বি’ ক্যাটাগরিতে ২২ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৪৪ জন ও ‘ডি’ ক্যাটাগরিতে আছেন ৩৪ জন স্থানীয় খেলোয়াড়।
ড্রাফটের শুরুতেই ভাগ্য নির্ধারিত হবে মোস্তাফিজের। প্রথমেই লটারি করে ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্রম ঠিক করা হবে। লটারিতে প্রথম হওয়া দলটি সবার আগে ‘এ’ প্লাস ক্যাটাগরির খেলোয়াড়কে দলে নেওয়ার সুযোগ পাবে। যে দলই সুযোগটি পাক না কেন, মোস্তাফিজকে কিনতে তাদের খরচ করতে হবে ৪৫ লাখ টাকা। দলগুলো চাইলে অবশ্য ‘এ’ প্লাস ক্যাটাগরির খেলোয়াড়কে দলে না-ও নিতে পারে।
আগামী ২ নভেম্বর শুরু হবে পঞ্চম বিপিএল।